সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে টুঙ্গিপাড়ায় হাজারো জনতার মিছিল’ শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে টুঙ্গিপাড়ায় হাজারো জনতার মিছিল’ শিরোনামে যমুনা টিভি আলোচিত ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তার আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়াও, প্রচারিত ছবিটি ২০২৪ সালের।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম ও লোগো রয়েছে। এর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। যমুনা টিভির ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির তুলনা করলে শিরোনাম ও তারিখের ফন্ট, ফন্টের আকারে পার্থক্য দেখা যায়।
ফটোকার্ডটিতে থাকা ছবিটির বিষয়ে অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ০৮ আগস্ট প্রকাশিত ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে টুঙ্গিপাড়ায় হাজারো জনতার মিছিল’ শীর্ষক প্রতিবেদনে একই ছবি প্রকাশ হতে দেখা যায়।

অর্থাৎ, ছবিটি যে সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিত।
সুতরাং, ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে টুঙ্গিপাড়ায় হাজারো জনতার মিছিল’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।


