ঢাবিতে হিযবুত তাহ্‌রীরের পুরোনো শোডাউনের দৃশ্য সাম্প্রতিক দাবিতে প্রচার

সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি একটি শোডাউন বা মিছিলের দৃশ্য প্রচার করে দাবি করা হয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জ’ঙ্গি সংগঠন হি’জবুত তাহরীর মিছিল। জ’ঙ্গিবাদের অভয়ারণ্যে রূপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। -১৮ মার্চ ২৫ | ঢাবি।”

অর্থাৎ, দাবি করা হয়েছে যে প্রচারিত দৃশ্যটি গত ১৮ মার্চের।

এছাড়াও ক্যাপশনে “নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর ঢাবিতে মিছিল করছে অথচ জঙ্গি ইউনুস প্রশাসন নিরব। এসব লোকজন খেলাফত চায়।এঁরা কার খেলাফত চায়, কিসের খেলাফত? খেলাফত মানে কি?এদের হাতে আইএসের পতাকা কেন?” লিখে সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা ব্যতীত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সাম্প্রতিক সময়ে উক্ত মিছিল হয়েছে দাবিতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

হিযবুত তাহ্‌রীরে

এরূপ দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এছাড়াও, গত ১৯ মার্চ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুসকে সাংবাদিক গোলাম দস্তগীর আলোচিত ভিডিওটি দেখিয়ে দাবি করেন, ভিডিওটি গত ১৮ মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহৎ খেলাফত পন্থী সমাবেশের দৃশ্যের।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হিযবুত তাহ্‌রীরের মিছিল বা শোডাউনের সাম্প্রতিক সময়ের দৃশ্য দাবিতে প্রচারিত দৃশ্যটি সাম্প্রতিক সময়ের নয় বরং, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পূর্বে গত ০৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজবুত তাহ্‌রীরের মিছিলের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘Md. Abdul Karim’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ০৬ আগস্টে “কার্জন হল থেকে হিজবুত তাহেরির মিছিল | এই মুহুর্তে দরকার, খেলাফত সরকার। | আমার স্বাধীনতা যেন বৃথা না যায়” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়।

উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়।

তাছাড়া, একই ক্যাপশনে উক্ত একই ভিডিওটি গত ০৭ আগস্টে ‘Zarifnews Tarique’ নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও পোস্ট হতে দেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

এদিকে, গত ০৮ আগস্টে রাত সোয়া ৯টার দিকে বঙ্গভবনে দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করে। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পূর্বের।

উল্লেখ্য যে, প্রচারিত ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পূর্বের এবং পুরোনো হলেও সাম্প্রতিক সময়ে গত ০৭ মার্চে জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিযবুত তাহ্‌রীরের ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে এবং মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার আগে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের পুরোনো মিছিল বা শোডাউনের একটি দৃশ্যকে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় হওয়া হিযবুত তাহ্‌রীরের মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

হালনাগাদ/ Update

২০ মার্চ, ২০২৫ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুসকে একজন সাংবাদিক আলোচিত ভিডিওটি দেখিয়ে একইরকম দাবি করার বিষয়টি আমাদের নজরে আসার প্রেক্ষিতে তার বক্তব্য প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।

Share: