বাংলাদেশে শিক্ষককে মারধরের দৃশ্য দাবিতে ভারতের পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি, বাংলাদেশের এক শিক্ষককে শিক্ষার্থী কর্তৃক মারধরের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষককে মারধরের ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, গত ২৩ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের বিকানেরের শ্রীদুঙ্গারগড় থানা এলাকায় এক যুবক স্থানীয় এক সরকারি স্কুলের অধ্যক্ষ কিষাণরাম কায়ালকে মারধর করেন। সেই ঘটনার দৃশ্য এটি।

অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে গত ২৫ ফেব্রুয়ারি প্রচারিত একটি শর্টস ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

নিউজ১৮ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, রাগের মাথায় ছাত্রটি প্রিন্সিপালকে লাঠি দিয়ে আঘাত করে।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ভারতীয় আরেক গণমাধ্যম দৈনিক জাগরণের ওয়েবসাইটে গত ২৪ ফেব্রুয়ারি “गाली-गलौज फिर सिर पर मारा भगौना, लाठी से तोड़ा पैर; सरकारी स्कूल के प्रिंसिपल की क्यों हुई पिटाई?” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথেও আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

জাগরণের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের বিকানেরের শ্রীদুঙ্গারগড় থানা এলাকায় এক যুবক স্থানীয় এক সরকারি স্কুলের অধ্যক্ষ কিষাণরাম কায়ালকে মারধর করেন। ভুক্তভোগী কিষাণরাম কায়াল তখন থানায় একটি অভিযোগও দায়ের করেছিলেন।

সুতরাং, ভারতে এক যুবক কর্তৃক স্থানীয় স্কুলের অধ্যক্ষকে মারধরের দৃশ্যকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শিক্ষককে মারধরের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

Share: