সম্প্রতি, ‘ফ্রান্স এটাই মোক্ষম সময় ডীপ স্টেট জঙ্গিদের ইরানের মতো প্যাকিং করে ফেলো’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ফ্রান্সের নয় বরং, গত বছরের আগস্ট মাসে ইন্দোনেশিয়ায় হওয়া বিক্ষোভের দৃশ্য এটি।
ফ্রান্সের কোনো বিক্ষোভ হলে তা ওই দেশের গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও বিক্ষোভ সংক্রান্ত সংবাদ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ফ্রান্স কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে বিক্ষোভ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে অনুসন্ধানে degintings নামক একটি ইউটিউব চ্যানেলে গত বছরের ২৯ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশনে থাকা ইন্দোনেশিয়ান ভাষাটি বাংলা ভাষায় রূপান্তর করলে “২৯ আগস্ট উত্তর সুমাত্রা প্রাদেশিক আইনসভা (DPRD Sumut)-এর সামনে পুলিশ ও বিক্ষোভকারী জনতার সংঘর্ষ। #বিক্ষোভ #রাইড-শেয়ারিং মোটরসাইকেল চালক (ওজোল) #DPRRI #পুলিশ” শীর্ষক লেখা থাকতে দেখা যায়।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গত বছরের ৩০ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ২৯ আগস্ট ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভে আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে ২৮ আগস্ট সন্ধ্যায় জাকার্তার পার্লামেন্টের কাছে আইন প্রণেতাদের বেতন ও শিক্ষা তহবিল সহ বেশ কয়েকটি ইস্যুতে বিক্ষোভকারীরা বিক্ষোভ করছিল। তখন সহিংস সংঘর্ষের সময় ২১ বছর বয়সী এক মোটরসাইকেল চালক আফান কুর্নিয়াওয়ান মারা যান।
সেসময় এ বিষয়ে অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমও সংবাদ (১, ২, ৩) প্রচার করে।
অর্থাৎ, ভিডিওটি ফ্রান্সের নয়।
সুতরাং, ইন্দোনেশিয়ার আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষের ভিডিওকে ফ্রান্সের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Degintings- Youtube Video
- The Times of India – Indonesia: Protests escalate after death of demonstrator


