২৬ ফেব্রুয়ারি রাতে ‘এই মুহূর্তে ব্রেকিং নিউজ, শাহবাগে টোকাই দের লাল করে দিচ্ছে পুলিশ, আইনের সুশাসন দেশে প্রতিষ্ঠিত হতে চলছে’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষের দৃশ্য দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ২৬ ফেব্রুয়ারির নয়। বরং গত ৬ ফেব্রুয়ারি পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষের ঘটনার।
দাবিটি যাচাইয়ে প্রথমে ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। ভিডিওর ডান পাশে মাছরাঙা টেলিভিশনের লোগো দেখা যায়। সেই সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে অনুসন্ধান করে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত ২ মিনিট ৫৬ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। পর্যবেক্ষণে দেখা যায়, ওই ভিডিওর ১ মিনিট ২০ সেকেন্ডের খণ্ডিত অংশ নিয়েই আলোচিত দাবি প্রচার করা হচ্ছে।

মাছরাঙা টেলিভিশনের শিরোনাম অনুযায়ী, এটি ইনকিলাব মঞ্চ ও পুলিশের সংঘর্ষের দৃশ্য।
এ বিষয়ে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে ঘিরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং বিক্ষোভকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
সুতরাং, গত ৬ ফেব্রুয়ারির সংঘর্ষের ভিডিওকে ২৬ ফেব্রুয়ারির রাতের ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Maasranga News: Facebook Post
- Prothom Alo: ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, পুলিশের লাঠিপেটা–সাউন্ড গ্রেনেড


