আগামীকাল থেকে তিনদিন সাধারণ ছুটি ঘোষণার দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তা ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কৃচ্ছ্রসাধন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ বিবেচনা করছে সরকার। এ প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির এক সংবাদ পাঠিকার একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওতে ওই সংবাদ পাঠিকাকে বলতে শোনা যায়, “এইমাত্র পাওয়া খবরে জানা গেছে, আগামীকাল থেকে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোম, মঙ্গল ও বুধবার এ সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।”

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আগামীকাল থেকে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের আগস্ট মাসে তৎকালীন সরকারের জারিকৃত একটি পুরোনো ছুটির সংবাদকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে দেশে সাধারণ ছুটি ঘোষণা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, প্রচারিত ভিডিওটি সম্পর্কে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে এনটিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৪ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওতে থাকা সংবাদ পাঠিকা, ব্যাকগ্রাউন্ড সহ আনুষাঙ্গিক সবকিছুর মিল রয়েছে।

এনটিভির ইউটিউব চ্যানেল থেকে প্রাপ্ত ভিডিওতে সংবাদ পাঠিকাকে বলতে শোনা যায়, আগামীকাল অর্থাৎ, ২০২৪ সালের ০৫ আগস্ট থেকে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল তৎকালীন সরকার।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৪ সালের ০৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরদিন সোমবার থেকে তিন দিনের (৫, ৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করে।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি ২০২৪ সালের আগস্ট মাসের পুরোনো একটি সংবাদের।

সুতরাং, ২০২৪ সালের আগস্টে সারাদেশে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবি হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: