বেশি দামে পেট্রোল বিক্রির জেরে পাম্পে আগুন দাবিতে মহাখালীর পুরোনো অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়তে পারে এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করছেন ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চালকেরা। এই প্রেক্ষাপটে রাজধানীতে বেশি দামে পেট্রোল বিক্রি করায় পাম্পে আগুন দিলো সাধারণ জনগণ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সত্য নয়। রাজধানীতে বেশি দামে পেট্রোল বিক্রির কারণে কোনো পেট্রোল পাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, গত বছর ঢাকার মহাখালীর একটি ফিলিং স্টেশনে ঘটে যাওয়া দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ভিডিওকেই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করে ‘GenuineiT’ নামের একটি ফেসবুক পেজে গত বছরের ১৭ আগস্ট প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, এটি রাজধানীর মহাখালী এলাকার ইউরেকা পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের দৃশ্য।

এছাড়া মহাখালীর ওই পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনার সময় বিভিন্ন ফেসবুক ব্যবহারকারীর প্রকাশিত ভিডিও-এর (১,২,৩) সঙ্গেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়।
ঢাকা মেইলে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সন্ধ্যা ৭টার পর মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, একটি তেলের গাড়ি থেকে তেল আনলোড করার সময় পাইপে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও স্থানীয়দের সহায়তা এবং ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। আগুনের সুনির্দিষ্ট কারণ জানতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার কথাও জানিয়েছিলেন ইউরেকা এন্টারপ্রাইজ সিএনজি স্টেশনের ম্যানেজার সোহেল রানা।
পরবর্তীতে, ২৩ আগস্ট প্রকাশিত আজকের পত্রিকার একটি প্রতিবেদন থেকে জানা যায়, ওই অগ্নিকাণ্ডে দগ্ধ ফিলিং স্টেশনের নিরাপত্তাকর্মী মীর হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।
এছাড়া, সম্প্রতি রাজধানীতে বেশি দামে পেট্রোল বিক্রিকে কেন্দ্র করে কোনো পেট্রোল পাম্পে আগুন দেওয়ার দাবির সপক্ষে বিষয়ে বিশ্বস্ত কোনো সূত্র বা গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, গত বছর মহাখালীর একটি ফিলিং স্টেশনে ঘটে যাওয়া দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ভিডিওকে সম্প্রতি রাজধানীতে বেশি দামে পেট্রোল বিক্রির জেরে জনগণ পাম্পে আগুন দিয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- GenuineiT: Facebook Post
- Dhaka Mail: মহাখালীর ফিলিং স্টেশনে যেভাবে আগুনের সূত্রপাত
- Ajker Patrika: রাজধানীর মহাখালী ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ নিরাপত্তাকর্মীর মৃত্যু

