ঢাকায় ছাত্রলীগের মিছিল দাবিতে বিএনপি ও যুবদলের ভিন্ন ভিন্ন কর্মসূচির পুরোনো ছবি প্রচার 

সম্প্রতি, ‘ঢাকার রাজপথ এখন ছাত্রলীগের দখলে’ শীর্ষক তথ্যে বা শিরোনামে মিছিলের একটি ছবি যুক্ত করে একটি ডিজিটাল ব্যানার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের কোনো কর্মসূচির নয় বরং, প্রচারিত ছবি দুইটির একটি ২০২৩ সালে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের দৃশ্যের এবং অন্যটি গত বছরে চট্টগ্রামে যুবদলের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় ধারণকৃত দৃশ্যের।

শুরুতে আলোচিত ডিজিটাল ব্যানারটিতে থাকা ছবিগুলোর বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। ব্যানারটিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি দেখা যায়। এছাড়া, একদল ব্যক্তির রাতে মিছিলের একটি ছবি ও পুলিশের সাথে একদল ব্যক্তির সংঘর্ষের দাঁড়িয়ে একটি ছবি দেখা যায়।

ছবি দুইটি পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ছবি যাচাই-১

শুরুতে ডিজিটাল ব্যানারটিতে থাকা রাতে মিছিলের ছবিটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দৈনিক অর্থনীতি নামক সংবাদভিত্তিক একটি ওয়েবসাইটে গত বছরের ২০ নভেম্বর ‘মধ্যরাতে ছাত্রলীগের মিছিল, প্রতিবাদে বাকলিয়া থানা যুবদলের বিক্ষোভ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, গত বছরের ১৭ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে মাত্র কয়েক মিনিটের মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরেরদিন ১৮ নভেম্বর রাতে চকবাজার থানার দামপাড়া এলাকায় আরও একটি মিছিল বের করে সংগঠনটির ১০-১২ জন কর্মী। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাকলিয়া ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এর নির্দেশনায় বাকলিয়া থানা যুবদল নেতা নূরু উদ্দিনের নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়। সেই প্রতিবাদ মিছিলের ছবি এটি।

একই তথ্যে একই ছবি প্রকাশ করেছে দৈনিক তৃতীয় মাত্রা এবং একুশে সংবাদও

ছবি যাচাই-২

পুলিশের সাথে একদল ব্যক্তির সংঘর্ষের ছবিটির বিষয়ে অনুসন্ধানে ডেইলি স্টারের ওয়েবসাইটে ২০২৩ সালের ২৮ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে।

ডেইলি স্টারের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। উক্ত সংঘর্ষে শামীম নামের একজন যুবদল নেতা নিহত হয়েছিলেন। পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যকার সেই সংঘর্ষের ছবি এটি।

অর্থাৎ, ছবিটি অন্তত দুই বছর আগের পৃথক দুইটি ঘটনার।

এরপর আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে Anwar Tv নামক একটি ফেসবুক পেজ থেকে গত ১৩ নভেম্বর রাত ১২ টা ০৫ মিনিটে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, পোস্টটিতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

এরপর Anwar Tv নামক ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে জানা যায়, এটি একটি স্যাটায়ার বা হাস্যরসাত্মক পেজ। পেজটির বায়োতেও বিষয়টি উল্লেখ রয়েছে।

অর্থাৎ, আলোচিত দাবিটি ডিজিটাল ব্যানার আকারে প্রথমে মজার ছলে প্রচার করা হলেও পরবর্তীতে তা সত্য দাবিতে ছড়িয়ে পড়ে।

সুতরাং, বিএনপি এবং যুবদলের বিক্ষোভ মিছিলের পুরোনো ছবিকে সম্প্রতি ঢাকার রাজপথ ছাত্রলীগের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: