সম্প্রতি “দিল্লিতে কড়া নিরাপত্তায় আ. লীগের শীর্ষ নেতাদের নিয়ে শেখ হাসিনার বৈঠক” দাবিতে একটি গোলটেবিল বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে।
এরূপ দাবিতে প্রচারিত ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ২২ জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বৈঠকে ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। ব্যবসায়ীদের সাথে ওই সময়ের একটি ছবিকে বর্তমানে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেশের মূল ধারার সংবাদপত্র প্রথম আলোর একটি প্রতিবেদন পাওয়া যায়, প্রতিবেদনে যুক্ত ছবির সাথে প্রচারিত ছবির সাদৃশ্য রয়েছে। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রধান নির্বাহী কর্মকর্তারা ২২ জুন নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করেন। ঐ সময় বাংলাদেশ ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে উল্লেখ করে শেখ হাসিনা সিইওদের বলেন, তারা এটা ব্যবহার করতে পারেন এবং সেখানে বিনিয়োগ করতে পারেন। বৈঠকে অংশ নেওয়া সিইওরাও বাংলাদেশে বিনিয়োগ করতে চান এবং বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে চান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে আরও অনুসন্ধানে বাংলাদেশ সংবাদ সংস্থার ২০২৪ সালের ২১ জুন প্রকাশিত আলোচিত ছবিসহ একটি প্রতিবেদন থেকে জানা যায়, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রধান নির্বাহী কর্মকর্তাগণ শেখ হাসিনার সঙ্গে তার আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি ভারতীয় ব্যবসায়ীদেরকে বাংলাদেশে এসে বিনিয়োগ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত অতিথিদের সঙ্গে ছবি তোলেন শেখ হাসিনা।
সুতরাং, ২০২৪ সালের জুন মাসে ধারণ করা ছবিকে সাম্প্রতিক সময়ে দিল্লিতে আ. লীগের শীর্ষ নেতাদের সাথে শেখ হাসিনার কথিত বৈঠকের দাবিতে প্রচার করা দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Prothomalo : ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- BSS : ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর


