পুরোনো ছবিকে সাকিবের সমর্থনে জনসমাবেশের দৃশ্য দাবি

গত ভারত সফরে কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দেন ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী সময়ে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এরই প্রেক্ষিতে তিনি জানান, নিরাপত্তা দিলে শেষ টেস্টটা খেলতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে। নিরাপত্তার আশ্বাস পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে রওয়ানাও দেন সাকিব। কিন্তু দুবাই আসার পর সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরতে বারণ করা হয়। ওইদিনই সাকিবের বিরুদ্ধে কর্মসূচি পালন করেন একদল সমর্থক। তারা সাকিবের শাস্তিও দাবি করেন। সাকিবের দেশে ফেরা বাতিল হয়ে গেলে আবার আন্দোলনে নামেন সাকিব ভক্তরা। সাকিবকে দেশে ফেরানোর দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চালাচ্ছিলেন তারা। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে যে সাকিব আল হাসানের সমর্থনে তার ভক্তরা একটি বিশাল জনসমাবেশ করেছে।  

উক্ত দাবিতে ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি সাকিব আল হাসানের সমর্থনে ভক্তদের কোনো জনসমাবেশের নয় বরং, এটি কোটা সংস্কার আন্দোলনে গত ০৬ জুলাই বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির ছবি।

এ বিষয়ে অনুসন্ধানে গত ০৭ জুলাই জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ছবিটির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি ০৬ জুলাই কোটা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখে শিক্ষার্থীদের যাত্রার সময়ের।

মূল ছবিটি পাওয়া যায় উইকিমিডিয়া কমন্সে। গত ০৬ জুলাই প্রকাশিত ছবিটির বর্ণনা থেকেও একই তথ্য মেলে।

সুতরাং, সাকিবের সমর্থনে জনসমাবেশের ছবি দাবিতে কোটা আন্দোলনের ছবি প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: