দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দীর্ঘ সারি দাবিতে পুরোনো ছবি প্রচার 

গতকাল ৭ জানুয়ারি সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ভোটগ্রহণ চলাকালে সারাদেশের কোনো একটি ভোটকেন্দ্রে ভোটারদের লাইন ধরে দাঁড়ানোর দৃশ্য দাবিতে একটি ছবি একাধিক গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

ভোটারদের দীর্ঘ সারি

উক্ত ছবি যুক্ত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন- ডেইলি বাংলাদেশ, পিবিএ এজেন্সি

এছাড়া স্থানীয় কিছু গণমাধ্যমেও এই ছবিটি প্রচার করতে দেখা গেছে। দেখুন দৈনিক পঞ্চগড়, শেরপুর নিউজ, দিনাজপুর দর্পণ, দৈনিক জামালপুর, লালমনিরহাট বার্তা, দৈনিক রংপুর, নীলফামারি বার্তা, কুড়িগ্রাম বার্তা, আজকের টাঙ্গাইল, কুষ্টিয়ার বার্তা, কুমিল্লার ধ্বনি, নোয়াখালী সমাচার, দৈনিক গাইবান্ধা এবং যশোরের আলো

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি গতকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের কোনো জেলার ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির ঘটনার নয় বরং ২০২১ সালে চট্টগ্রামের হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধান শুরুতে আলোচিত ছবিটির উৎসের খোঁজ করে রিউমর স্ক্যানার টিম। রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’ এর ওয়েবসাইটে ২০২১ সালের ২৮ নভেম্বর “ভোটারদের দীর্ঘ লাইন, ভোট দিতে পেরে উচ্ছ্বাস” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে একটি ছবিটি খুঁজে পাওয়া যায়।

উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর তৃতীয় ধাপে চট্টগ্রামের হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলার ২৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ভোট দিতে আসা ভোটারদের দৃশ্য এটি।

মূলত, ২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলার ২৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে নিয়ে সেসময় গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে ভোটারদের দীর্ঘ লাইনের একটি ছবি প্রচার করা হয়। এই ছবিটিই গতকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতির দৃশ্য দাবি করে গণমাধ্যমে প্রচার করা হয়েছে।  

সুতরাং, ২০২১ সালের ইউপি নির্বাচনের পুরোনো ছবিকে গতকাল অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতির দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: