বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নাম্বার সংগ্রহের সময় জামায়াতের নারী কর্মী আটক দাবিতে পুরোনো ভিন্ন ঘটনার ছবি প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারী পুলিশ সদস্যের পাশে দাঁড়ানো কয়েকজন নারীর একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে,’নোয়াখালী কোম্পানীগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নাম্বার সংগ্রহের সময়, জামায়াতের নারী কর্মীদেরকে ধরে পুলিশে দিল এলাকাবাসী।’
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সম্প্রতি নোয়াখালী কোম্পানীগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নাম্বার সংগ্রহের সময় আটক জামায়াতের নারীকর্মীদের কোনো ঘটনার ছবি নয়। প্রকৃতপক্ষে প্রায় ১০ বছর আগে ২০১৬ সালের ২২ জুলাইয়ে লক্ষ্মীপুরে গোপন বৈঠককালে জামায়াতের ১১ নারী সদস্যকে আটক করা হয়, সে ঘটনার ছবি সম্প্রতি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘এনটিভি’র ওয়েবসাইটে ২০১৬ সালের ২২ জুলাইয়ে ‘লক্ষ্মীপুরে জামায়াতের ১১ নারী সদস্য আটক’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচিত ছবির সংযুক্তি পাওয়া যায় এবং ছবিটি এনটিভির বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে এনটিভির প্রতিবেদনে বলা হয়, লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলী এলাকার একটি বাসা থেকে ২০১৬ সালের ২২ জুলাই সন্ধ্যা ৭টার দিকে জামায়াতে ইসলামীর ১১ নারী সদস্যকে আটক করা হয়েছে। প্রতিবেদনে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপারের বরাতে বলা হয়, গোপন বৈঠককালে জামায়াতের ওই ১১ নারী সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জামায়াতের বিভিন্ন জিহাদি বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ততার বিষয়টি আটক ব্যক্তিরা স্বীকার করেছেন।
এছাড়াও, অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলা ট্রিবিউন’ এর ওয়েবসাইটেও ২০১৬ সালের ২৩ জুলাইয়ে আলোচিত ছবির সংযুক্তিসহ প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, ‘লক্ষ্মীপুরে গোপন বৈঠক চলাকালে জামায়াতের মহিলা সংস্থার নেত্রী শিরিন আক্তারসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।.. এসময় আবুল আলা মওদুদীর বইসহ সংগঠনটির ৫টি বই ও একটি ডায়েরি জব্দ করা হয়েছে। আটক শিরিন আক্তার জামায়াতের মহিলা সংস্থার সদর উপজেলার সভানেত্রী বলে পুলিশ জানায়।’
অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবি সাম্প্রতিক সময়ের নয় বরং প্রায় ১০ বছর পুরোনো।
সুতরাং, নোয়াখালী কোম্পানীগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নাম্বার সংগ্রহের সময় আটক জামায়াতের নারীকর্মীদের ছবি দাবিতে প্রায় ১০ বছর পুরোনো ভিন্ন ঘটনার ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- NTV – লক্ষ্মীপুরে জামায়াতের ১১ নারী সদস্য আটক
- Bangla Tribune – জামায়াতের মহিলা সংস্থার নেত্রীসহ ১১ জন আটক

