ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজ কর্তৃক শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের এই ছবিটি পুরোনো

সম্প্রতি, ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালের আগস্টে উক্ত কলেজের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দৈনিক ফেনীর সময় নামের স্থানীয় গণমাধ্যমের ওয়েবসাইটে সরকারি জিয়া মহিলা কলেজের ততকালীন অধ্যক্ষ প্রফেসর কামরুন নাহারের লেখা একটি উপ-সম্পাদকীয়র সন্ধান পাওয়া যায়। উপ-সম্পাদকীয়তে তিনি শোকাবহ আগস্ট উপলক্ষে তাদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন।

উক্ত উপ-সম্পাদকীয়তে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সন্ধান পাওয়া যায়। প্রফেসর কামরুন নাহারের বর্ণনা থেকে জানা যায়, ছবিটি তাদের সেসময় গোপালগঞ্জ ভ্রমণের সময় তোলা হয়েছে। এছাড়াও ছবিটির ডানপাশে নিচে দেখতে পাওয়া ওয়াটারমার্ক থেকে জানা যায়, এটি ২০২২ সালের ৯ আগস্ট তোলা হয়েছে। 

অর্থাৎ, শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের পক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: