সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও অন্যান্যদের একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে এটি সাম্প্রতিক সময়ের ছবি। প্রচারিত ছবির ক্যাপশনে উল্লেখ রয়েছে, “ইন্ডিয়াতে সকল প্রধানমন্ত্রীদের বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে খুব শীঘ্রই আনা হবে এই আশ্বাস দিয়েছেন!”

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের জুন মাসের ছবি। গত বছর ৯ জুন তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদি। শপথ গ্রহণ শেষে শেখ হাসিনা ও অন্যান্য অতিথিদের সঙ্গে নরেন্দ্র মোদি ও দ্রৌপদী মুর্মু ছবি তোলেন ওই সময়ের ধারণা করা ছবিকেই বর্তমানে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে অনলাইনভিত্তিক গণমাধ্যম ঢাকা পোস্টের একটি প্রতিবেদন পাওয়া যায়, প্রতিবেদনে যুক্ত ছবির সাথে প্রচারিত ছবির সাদৃশ্য রয়েছে। উক্ত প্রতিবেদন থেকে জানা যায় এটি নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদি ও ভারতের নতুন জোট সরকারের ৭২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে ধারণ করা একটি ছবি।

এ বিষয়ে আরও অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম সময় টেলিভিশনের ২০২৪ সালের ৯ জুন প্রকাশিত আলোচিত ছবিসহ একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে জাঁকজমকপূর্ণ আয়োজনে নরেন্দ্র মোদিসহ মোট ৭২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে ফটোসেশনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত অতিথিদের মঞ্চে ডেকে নেওয়া হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত অতিথিদের সঙ্গে ছবি তোলেন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে ২০২৪ সালের ১০ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনার পাশে ছিলেন শ্রীলঙ্কার তৎকালীন রাষ্ট্রপতি রানিল বিক্রমসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী ত্সেরিং টোবগাই, নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী পুরুষোত্তম কমল দাহাল, মরিশাসের তৎকালীন প্রধানমন্ত্রী প্রাভিন্দ কুমার জুগনাথ, সিসিলির তৎকালীন উপ-রাষ্ট্রপতি আহমেদ আফিফ এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মেদ মুইজ্জু।
সুতরাং, ২০২৪ সালের জুন মাসে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে ধারণ করা ছবিকে সাম্প্রতিক সময়ে ভারতে প্রধানমন্ত্রীদের কথিত বৈঠকে শেখ হাসিনার উপস্থিতির দাবিতে প্রচার করা হচ্ছে যা মিথ্যা।


