বিএনপির স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকের দৃশ্য দাবিতে তিন মাস পুরোনো ছবি প্রচার

গত ০৪ এপ্রিল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসেছে। এরই প্রেক্ষিতে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের দাবিতে একটি ছবি গণমাধ্যম প্রচার করা হচ্ছে। 

গণমাধ্যমে প্রচারিত ছবি দেখুন- স্টার ‍নিউজ এবং ডিবিসি ‍নিউজ

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ছবিটি গত ০৪ এপ্রিল অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের নয়; বরং এটি গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের ছবি।

অনুসন্ধানে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে গত বছরের ৩০ ডিসেম্বর প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা দুইটি ছবির একটির সাথে সাম্প্রতিক সময়ে প্রচারিত ছবিটির মিল রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের পোস্টে বলা হয়েছে, সেদিন বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের ছবি এটি।

এছাড়া, বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে ওইদিন একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটির সাথেও ছবিতে থাকা ব্যক্তি, পোশাকসহ আনুষাঙ্গিক বিষয়ের মিল রয়েছে। উক্ত পোস্টেও বলা হয়েছে, গত বছরের ৩০ ডিসেম্বর দলটির গুলশান কার্যালয়ে হওয়া বৈঠকের ছবি এটি।

পাশাপাশি, প্রচারিত ছবিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকেও দেখা যাচ্ছে।

তবে অনুসন্ধানে জানা যায়, মির্জা আব্বাস গত ১৫ মার্চ থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন৷

অর্থাৎ, প্রচারিত ছবিটি গত ০৪ এপ্রিলের নয়। 

সুতরাং, গত বছরের ৩০ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের ছবিকে গত ০৪ এপ্রিল অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

Share: