বৈরী আবহাওয়ার মধ্যে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে ১৪ জুলাই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরদিন, ১৫ জুলাই পরীক্ষা শেষে বেলা ২টার দিকে তারা ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করেন।
এ প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সারাদিন মাননীয় শিক্ষামন্ত্রী Anm Ehsanul Hoque Milon স্যারের পদত্যাগ চেয়ে (অটোপাশের দাবীতে)– বিদ্রোহী সোনামনি বাড়ি ফেরার পথেঃ একটু #relax হচ্ছে।’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটির সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, অন্তত ২০২৫ সাল থেকে ইন্টারনেটে থাকা একটি পর্নোগ্রাফিক ভিডিওকে সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি অন্তত ২০২৫ সাল থেকে বিভিন্ন পর্নোগ্রাফিক ওয়েবসাইটে রয়েছে। অন্যদিকে, এইচএসসি পরীক্ষার্থীদের আলোচিত আন্দোলন অনুষ্ঠিত হয় গত ১৪ জুলাই। অর্থাৎ, আন্দোলনের আগেই ভিডিওটি ইন্টারনেটে বিদ্যমান ছিল। তাই ভিডিওটির সঙ্গে শিক্ষার্থীদের ওই আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, সংশ্লিষ্ট পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলোতে আপত্তিকর ও অনুপযুক্ত কনটেন্ট থাকায় রিউমর স্ক্যানার সচেতনভাবে প্রতিবেদনে সেসব সূত্রের হাইপারলিংক সংযুক্ত করা থেকে বিরত রয়েছে।
সুতরাং, ইন্টারনেট থেকে সংগ্রহ করা পুরোনো একটি পর্নোগ্রাফিক ভিডিওকে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে জড়িয়ে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Hidden Source (Adult Website)


