অক্টোবরে চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিলের ভিডিওকে ঢাবির সাম্প্রতিক ভিডিও দাবিতে প্রচার

গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার৷ গত ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ক্ষমতা হারানোর পরই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা৷ এরপর থেকে তাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবিতে চট্টগ্রাম, গোপালগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বিছিন্নভাবে কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। সম্প্রতি “সরাসরিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় চলছে ছাত্রলীগের মিছিল….জয় বাংলা জয় বঙ্গবন্ধু” ক্যাপশনে একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মিছিলে ‘লও লও লও সালাম, শেখ শেখ শেখ মুজিব, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’ শীর্ষক স্লোগান দিতে শোনা যায়।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয় বরং, এটি গতমাসে চট্টগ্রামে আওয়ামী লীগসহ এর সহযোগী ও নিষিদ্ধ ঘোষিত ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের মিছিলের ভিডিও।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে “News Vision” নামক একটি ফেসবুক পেজে গত ১৯ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর দৃশ্য ও অডিওর মিল রয়েছে।

উক্ত পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, এটি চট্টগ্রামে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও।।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মাছরাঙা টিভির ফেসবুক পেজে একই দিনে প্রকাশিত আরেকটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত মিছিলের স্থান ও মিছিলে অংশগ্রহণকারীদের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত পোস্ট থেকে জানা যায়, মিছিলের দৃশ্যটি চট্টগ্রামে ভোরে রাতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক কর্মীর ঝটিকা মিছিলের।

এছাড়া, একই দিনে ঢাকা পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৯ অক্টোবর মধ্যরাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামালখান এলাকায় হঠাৎ বিক্ষোভ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

অর্থাৎ, মিছিলের দৃশ্যটি ঢাবির সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, গত মাসের চট্টগ্রামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মিছিলের ভিডিওকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

Share: