হাদি ইস্যুতে হাসনাত-নাসীরুদ্দীন পাটওয়ারীর মিছিলের দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে গত ৬ ফেব্রুয়ারিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের পর বিকেল সাড়ে চারটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আসেন ঢাকা-৮ আসনে ১১–দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তখন তিনিসহ উপস্থিত বিক্ষোভকারীরা প্রতিবাদ মিছিল করেন।

এরই প্রেক্ষিতে ৬ ফেব্রুয়ারি রাত থেকে অনলাইনে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীদের মিছিলের একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাজপথে ফিরে এলো সরব হাসনাত-নাসিরুদ্দীন পাটওয়ারী’। অর্থাৎ, দাবি করা হয়েছে মিছিলটি হাদি ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারির মিছিল।

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত পোস্ট: আমার বার্তা

স্বীকৃত গণমাধ্যম ছাড়াও নানা ফেসবুক পেজ থেকেও উপরোক্ত দাবিতে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে। দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত মিছিলের ভিডিওটি হাদি ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারির মিছিলের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ‘শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি এবং তাদের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ গত বছরের ১২ নভেম্বরে জাতীয় নাগরিক পার্টির মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘Daily Ekattor’ নামের একটি ফেসবুক পেজে গত বছরের ১২ নভেম্বরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে মিল পাওয়া যায়। ভিডিওটি সম্পর্কে ক্যাপশনে লেখা হয়, ‘রাজপথে ফের সরব হাসনাত-নাসিরুদ্দীন পাটওয়ারী’। এছাড়াও, ‘১৩ নভেম্বর’ হ্যাশট্যাগও সংযুক্ত করা হয়।

এছাড়াও, গত বছরের ১২ নভেম্বরে এনসিপির মিছিলের দৃশ্য দাবিতে আরো একাধিক ভিডিও পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। পাশাপাশি, ভিডিওতে ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিতে শোনা যায়।

পরবর্তীতে এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা পোস্ট’ এর ওয়েবসাইটে ‘আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে এনসিপির মিছিল’ শিরোনামে গত বছরের ১২ নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি এবং তাদের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। ১২ নভেম্বর সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়।’

প্রসঙ্গত, এর আগে আওয়ামী লীগ অনলাইনে গত বছরের ১৩ নভেম্বরে ঢাকায় ‘লকডাউন কর্মসূচি’ পালনের ঘোষণা দেয়।

সুতরাং, ‘শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি এবং তাদের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ গত বছরের ১২ নভেম্বরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মিছিলের ভিডিওকে হাদি ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারির মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: