ভারতে নামাজ শেখার ভান করে মুসলিম ব্যক্তিকে হত্যার দাবিতে ফ্রান্সে সংঘটিত হত্যাকাণ্ডের পুরোনো দৃশ্য প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে , ভারতের একটি মসজিদে নামাজ শেখার ভান করে এক হিন্দু ব্যক্তি মুসলিম যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, এই দাবিতে ব্যবহৃত ছবিটি ২০২৫ সালে ফ্রান্সে সংঘটিত একটি হত্যাকাণ্ডের। ওই ঘটনায় অভিযুক্ত অলিভিয়ার এইচ. নামের এক ব্যক্তি মসজিদের ভেতরে এক ব্যক্তিকে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করে। জানা যায়, অভিযুক্ত ব্যক্তি একটি ধর্মচর্চাহীন খ্রিস্টান পরিবার থেকে এসেছে।
এ বিষয়ে অনুসন্ধানে তুরস্কের সংবাদমাধ্যম ইলেরি গাজেতেসি (İleri Gazetesi)-এর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৩ মে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ছবির সঙ্গে মিল রয়েছে।

ভিডিওটির শিরোনাম অনুযায়ী, এটি ফ্রান্সের একটি মসজিদে সিজদারত অবস্থায় থাকা একজন ব্যক্তিকে একাধিকবার ছুরিকাঘাতের দৃশ্য।
পরবর্তীতে ফ্রান্সের সংবাদমাধ্যম লে মোঁদ (Le Monde)-এ ২০২৫ সালের ৩ মে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২৫ এপ্রিল দক্ষিণ ফ্রান্সের লা গ্রঁদ-কম্ব মসজিদে নামাজরত অবস্থায় মালিয়ান নাগরিক আবুবকর সিসে নিহত হন। তাকে ২০ বছর বয়সী অলিভিয়ার এইচ. নামের এক ব্যক্তি মসজিদের ভেতরে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করে। হামলার পর অভিযুক্ত ব্যক্তি ইতালিতে আত্মসমর্পণ করে এবং হত্যার কথা স্বীকার করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সে একটি ধর্মচর্চাহীন খ্রিস্টান পরিবার থেকে এসেছে।
এ বিষয়ে ফ্রান্স২৪-এর ফেসবুক পেজেও ভিডিও প্রতিবেদন পাওয়া যায়।
সুতরাং, ফ্রান্সে সংঘটিত পুরোনো একটি ঘটনার ছবি ব্যবহার করে ভারতে একটি মসজিদে নামাজ শেখার ভান করে এক হিন্দু ব্যক্তি মুসলিম যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- İleri Gazetesi – YouTube Video
- Le Monde – French mosque stabber was driven by ‘morbid fascination,’ prosecutor says, ruling out terror
- France24 – Facebook Post

