শাহবাগে জামায়াতের সমাবেশ দাবিতে ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের ছবি প্রচার 

সম্প্রতি, ‘আজকে শাহবাগে জামায়াতের ডাকা মহাসমাবেশ’ শীর্ষক দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শাহবাগে জামায়াতে ইসলামীর সমাবেশের দাবিতে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় এবং উক্ত ছবিটি জামায়াতে ইসলামীর কোনো সমাবেশ নয়। প্রকৃতপক্ষে, ২০১৩ সালে শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আন্তর্জাতিক ছবি সংরক্ষণকারী প্রতিষ্ঠান Alamy এর ওয়েবসাইটে ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবির হুবহু মিল রয়েছে।

ছবিটির ক্যাপশনে অনুযায়ী, ছবিটি ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারির, সেদিন বাংলাদেশের সামাজিক কর্মীরা [যুদ্ধাপরাধীদের] ফাঁসির দাবিতে শাহবাগে মোমবাতি প্রজ্জ্বলনের অনুষ্ঠানে অংশ নেন।

আরও অনুসন্ধানে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা ট্রিবিউনে ‘The freedom fighters of 2013’ শিরোনামে ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত ছবির সাথেও আলোচিত ছবির মিল পাওয়া যায়। ঢাকা ট্রিবিউনের প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০১৩ সালে শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরের দাবিতে প্রায় ১৮০ দিনব্যাপী আন্দোলন অনুষ্ঠিত হয়। আলোচিত ছবিটি সেই সময়ের দৃশ্য।

এছাড়া, বিবিসি বাংলা এবং ডেইলি স্টারও আলোচিত ছবিটি ২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের সমাবেশের দাবি উল্লেখ করেছে।

অর্থাৎ, ছবিটি এক যুগেরও বেশি সময়ের পুরোনো।

পাশাপাশি, অনুসন্ধান করে সাম্প্রতিক সময়ে শাহবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো সমাবেশ করার তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের সমাবেশের ছবিকে সাম্প্রতিক সময়ে শাহবাগে জামায়াতে ইসলামীর সমাবেশের দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: