তুরস্কের গণমাধ্যমে শেখ হাসিনার পুরোনো বক্তব্য সাম্প্রতিক দাবিতে প্রচার

ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এই প্রেক্ষাপটে তুরস্কের গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারের দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগআমধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার সময় দেওয়া শেখ হাসিনার একটি পুরোনো সাক্ষাৎকারের দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল ২৪-এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনের ০:২৬ সেকেন্ড থেকে ০:৫৭ সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। ভিডিওটির শিরোনাম অনুযায়ী, এটি গাজা পরিস্থিতিকে গণহত্যা হিসেবে উল্লেখ করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিন্দা জানানোর বক্তব্য।

এছাড়া, সময় টিভির ওয়েবসাইটে ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ওই বক্তব্য দেন।

সুতরাং, তুরস্কের গণমাধ্যমে শেখ হাসিনার ২০২৪ সালের পুরোনো সাক্ষাৎকারের ভিডিও সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: