তেল আবিবে নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বিক্ষোভের পুরোনো ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়; বরং এটি ২০২৪ সালের পুরোনো একটি ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Globe Eye News’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৪ সালের ২১ এপ্রিল প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। উক্ত পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে হাজারো ইসরায়েলির জড়ো হওয়ার দৃশ্য।

এছাড়া, লেবানিজ-অস্ট্রেলীয় উদ্যোক্তা মারিও নওফালের এক্স অ্যাকাউন্টসহ সেদিন একই ভিডিও একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও পোস্ট (১,২) করা হয়।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির ফেসবুক পেজে সেদিন প্রকাশিত একটি পোস্ট থেকেও জানা যায়, তেল আবিবে হাজারো মানুষ রাস্তায় নেমে নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং গাজা থেকে ইসরায়েলি বন্দিদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছিল।
সুতরাং, তেল আবিবে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Globe Eye News: X Post
- Mario Nawfal: X Post
- Anadolu Agency: Facebook Post

