চলমান ইরান-ইসরায়েল সংঘাতে নেতানিয়াহুর দৌড়ে বাঙ্কারে আশ্রয় নেওয়ার দৃশ্য দাবিতে পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকে দু-দেশের পাল্টাপাল্টি হামলা এখনো চলমান। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৌড়ানোর একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “ইরানের হা’ম’লা’য় মাটির নিচে ২৩০ তলা সমপরিমাণ একটি বাংকার এ নিরাপদ আশ্রয় নেয়। বেঞ্জামিন নেতানিয়াহু,।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত ভিডিওগুলো প্রায় ৩৩ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ৫৮ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ইনস্টাগ্রামে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে

একই দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইরানের হামলা থেকে বাঁচতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৌড়ে বাঙ্কারে আশ্রয় নেওয়ার দৃশ্যের নয় বরং, ২০২১ সালে নির্বাচনে ভোটে অংশগ্রণের সময় নেতানিয়াহুর দৌড়ানোর ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম ‘ערוץ 7’ এর ওয়েবসাইটে ২০২১ সালের ১৩ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের সাথে একটি ভিডিওর সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, ভিডিওটি ২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একটি ভোটে অংশগ্রহণের জন্য দেশটির আইনসভা নেসেটের ভেতর বেনিয়ামিন নেতানিয়াহুর দৌড়ানোর সময়ের।

বেনিয়ামিন নেতানিয়াহু তার এক্স অ্যাকাউন্টে ২০২১ সালের ১৩ ডিসেম্বরে ভিডিওটি প্রকাশ করে জানান, আমি সর্বদা আপনার (ইসরায়েল) জন্য কাজ করতে পেরে গর্বিত।

উল্লেখ্য যে, ২০২৪ সালে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বিরাজকালীন সময়েও আলোচিত ভিডিওটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৌড়ে পালানোর ভিডিও দাবিতে প্রচার করা হলে সেসময় এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, ২০২১ সালে ভোটে অংশগ্রহণের জন্য ইসরায়েলের আইনসভার ভেতর বেনিয়ামিন নেতানিয়াহুর দৌড়ানোর ভিডিওকে সম্প্রতি ইরানের হামলা থেকে বাঁচতে দৌড়ে বাঙ্কারে নেতানিয়াহুর আশ্রয় নেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: