সম্প্রতি, ‘ব্রেকিং নিউজ রাজপথে জাহাঙ্গীর ভাই আওয়ামী লীগ কর্মীদের নিয়ে মাঠে নেমে গেছেন’ শীর্ষক দাবিতে গণমাধ্যমের সাথে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও ও একটি ছবি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।
উল্লেখিত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও ও ছবি দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণমাধ্যমে সাথে জাহাঙ্গীর আলমের কথোকপথের ভিডিওটি আওয়ামী লীগের সাম্প্রতিক কোনো কর্মসূচির নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ১২ জুলাই ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এটি সেই সময়ে ধারণকৃত একটি ভিডিও। এছাড়া, একই দাবিতে প্রচারিত ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়। এই ছবিটি ২০২১ সালের নভেম্বরের।
ভিডিও যাচাই
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধান প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক সমকালের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১২ জুলাই “বিশাল গাড়িবহর নিয়ে ঢাকার সমাবেশে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের (১ মিনিট ২১ সেকেন্ড থেকে ১ মিনিট ৫২ সেকেন্ড) সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

সমকালের এই ভিডিওর সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের ১২ জুলাই বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী এই সমাবেশে অংশগ্রহণ করেছিলেন।
ছবি যাচাই
আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি রিভার্স সার্চ করে অনলাইন গণমাধ্যম রাইজিং বিডির ওয়েবসাইট ২০২১ সালের ২০ নভেম্বর “ভুল হতে পারে: মেয়র জাহাঙ্গীর আলম” শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ফিচারে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

সেসময় সময় টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায় যে এটি ২০২১ সালের ২০ নভেম্বরেরই ছবি।
সুতরাং, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে মাঠে নেমেছেন দাবিতে পুরোনো পৃথক দুইটি ঘটনার ভিডিও ও ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।


