আওয়ামী লীগের শোডাউনের আজকের দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ০৫ আগস্ট ক্ষমতা হারায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। গত ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। তারই প্রেক্ষিতে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করে দাবি করা হচ্ছে, মাঠে নেমেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শহিদ নূর হোসেন চত্ত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি আজ (১০ নভেম্বর) আওয়ামী লীগের কর্মসূচী উপলক্ষে ঢাকায় জড়ো হওয়ার কোনো দৃশ্যের নয়, বরং ২০২২ সালে নয়াপল্টন এলাকায় ছাত্রলীগের মিছিল-শোডাউনের দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে দেশীয় সংবাদমাধ্যম আমার সংবাদ এর ফেসবুক পেজে ২০২২ সালের ৭ ডিসেম্বরে প্রচারিত একটি সরাসরি সম্প্রচারিত হওয়া ভিডিও পাওয়া যায়। “পুলিশ-বিএনপি সংঘ’র্ষ!ছাত্রলীগের মিছিল-শোডাউন।নয়াপল্টন এলাকা রণ’ক্ষে’ত্রে পরিনত। সরাসরি…” ক্যাপশনের উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়।

সে সময়ের ঢাকা টাইমসের ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, “রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের আশেপাশে ক্রিকেট খেলার স্ট্যাম্পসহ বিভিন্ন ধরনের লাঠি হাতে ছাত্রলীগের নেতাকর্মীদের মহড়া দিতে দেখা গেছে। বুধবার (২০২২ সালের ৭ ডিসেম্বর) বিকাল ৪টার পর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীকে মহড়া দিতে দেখা যায়। পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের একপর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা লাঠি হাতে স্লোগান দিতে থাকে। ছাত্রলীগ কর্মীরা বিএনপিকে রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন। নয়াপল্টন থেকে বিএনপি কীভাবে সরকার পতনের দাবি তোলে তা তারা দেখে নেবে বলেও জানায় সাংবাদিকদের। এ সময় তাদেরকে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।”

সুতরাং, প্রচারিত ভিডিওটি আজ (১০ নভেম্বর) আওয়ামী লীগের কর্মসূচী উপলক্ষে ঢাকায় জড়ো হওয়ার দৃশ্যের শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

Share: