২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন দাবিতে প্রধান উপদেষ্টার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ‘২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা’ শীর্ষক ক্যাপশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে প্রধান উপদেষ্টাকে বলতে শোনা যায়, আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে হবে শীর্ষক প্রধান উপদেষ্টার বক্তব্যটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের ০৬ জুনের পুরোনো বক্তব্যকে সাম্প্রতিক প্রেক্ষাপটে প্রচার করা হচ্ছে।
শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে ইলেকট্রনিক গণমাধ্যম নিউজ২৪ এর লোগো রয়েছে। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে নিউজ২৪ এর ফেসবুক পেজে গত বছরের ০৬ জুন প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

এছাড়া, একই ভিডিও নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলেও প্রচার করা হয়েছে।
পাশাপাশি, সমকাল, ডিবিসি নিউজ এবং চ্যানেল২৪ সহ বিভিন্ন গণমাধ্যম একই ভিডিও প্রচার করেছিল।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বিবিসি বাংলার ওয়েবসাইটে গত বছরের ০৬ জুন ‘জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে, জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ০৬ জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।
এরপর গত বছরের ০৫ আগস্ট প্রধান উপদেষ্টা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত হবে।
গত ১২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এসময় তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
সর্বশেষ, গত ১৪ জানুয়ারি প্রধান উপদেষ্টা জানান, নির্ধারিত সময়ের এক দিন আগেও নয়, এক দিন পরেও নয়, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।
অর্থাৎ, এপ্রিলের প্রথমার্ধে নয়, ফেব্রুয়ারির ১২ তারিখেই অনুষ্ঠিত হবে।
সুতরাং, ২০২৫ সালের জুন মাসে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- News24- Facebook Post
- News24- YouTube Video
- Samakal- Facebook Post
- DBC News- Facebook Post
- Channel 24- Facebook Post
- BBC Bangla- জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে, জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা
- BBC Bangla- নির্বাচন, সংস্কার, অর্থনীতি ইস্যুসহ ভাষণে আরো যা বললেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
- Prothom Alo- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
- BSS- নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

