১৮ জানুয়ারির হরতালের নয়, এটি পাঠ্যবইয়ে আদিবাসী গ্রাফিতি ইস্যুতে বিক্ষোভ মিছিলের ভিডিও  

সম্প্রতি, আওয়ামী লীগ সমর্থিত অনলাইন প্লাটফর্ম এটিম কর্তৃক গত ১৮ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগসহ বেশকিছু দাবিতে হরতাল আহ্বান করা হয়েছিল। এরই প্রেক্ষিতে হরতাল পালনের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল ভিডিওটি ৪২ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং পোস্টটিতে দুই হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি গত ১৮ জানুয়ারির হরতালের কোনো দৃশ্য নয় বরং, এটি ১৫ জানুয়ারি পাঠ্য বইয়ে আদিবাসী গ্রাফিতি ইস্যুতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ ব্যানারে এনসিটিবি ঘেরাও কর্মসূচির ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটি মেট্রোরেলের একটি স্টেশনের নিচে ধারণ করা। এরপর উক্ত ফ্রেমটি পর্যালোচনা করে দেখা যায়, এতে স্টেশনের নামের স্থলে jheel লেখা রয়েছে।

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে CNI নামক সংবাদ ভিত্তিক একটি ফেসবুক পেজে ১৫ জানুয়ারি আপলোডকৃত একটি ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়। এছাড়াও পেজটিতে একইদিনে প্রকাশিত আরও কয়েকটি ভিডিও (, ) পাওয়া যায়। যেগুলো মূলত পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও বাদ দেওয়াকে কেন্দ্র করে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ ও ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক ভিন্ন দুইটি ব্যানারে কর্মসূচি পালনের ঘটনার।

১৫ জানুয়ারি অনলাইন সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস এর ফেসবুক পেজে প্রচারিত একটি ভিডিও থেকে জানা যায়, সেদিন স্টুডেন্ট ফর সভারেন্টি নামক একটি প্লাটফর্মের ব্যানারে এনসিটিবি ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল বের করা হয়।

ডেইলি ক্যাম্পাসের এই ভিডিওটি বিশ্লেষণ করে এটি নিশ্চিত যে, CNl নামক ফেসবুক পেজে প্রচারিত আলোচিত ভিডিওটি গত ১৫ জানুয়ারি সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার এনসিটিবি ঘেরাও কর্মসূচির।

অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক হরতালের কোন দৃশ্য নয়।

উল্লেখ্য, সেদিন উভয়পক্ষের কর্মসূচির একপর্যায়ে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক প্লাটফর্মের কর্মীদের বিরুদ্ধে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ উঠে।

সুতরাং, ১৫ জানুয়ারি আদিবাসী শিক্ষার্থীদের উপর স্টুডেন্ট ফর সভারেন্টির হামলার দিনের ঘটনার দৃশ্যকে গত ১৮ জানুয়ারিতে হরতালের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: