কলকাতায় ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনের দৃশ্য দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার

সম্প্রতি, ‘হঠাৎ সব নেতাকর্মীদের সাথে নিয়ে কলকাতা থেকে, ওবায়দুল কাদেরের জরুরী সংবাদ সম্মেলন সরাসরি’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে ১১ ডিসেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করা যৌথসভা শেষে একটি সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে একটি ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক সমকালের ফেসবুক পেজে ২০২৩ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ওবায়দুল কাদেরের বক্তব্য, পোশাক, ব্যাকগ্রাউন্ড এবং পেছনে থাকা ব্যক্তিদের সাথে আলোচিত ভিডিওতে থাকা উপকরণগুলোর মিল রয়েছে।

ভিডিও থেকে জানা যায়, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের সাথে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সময়কার ভিডিও এটি।

পরবর্তীতে অনুসন্ধানে একই তারিখে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ‘১৮ ডিসেম্বর আ.লীগের বিজয় র‌্যালি, নির্বাচনি প্রচারণা শুরু সিলেট থেকে’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা একটি ছবিতে যে ব্যক্তিদের যে পোশাকে দেখা যায়, আলোচিত ভিডিওর দৃশ্যের সাথে তা মিল রয়েছে।

বাংলা ট্রিবিউনের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ১১ ডিসেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চার দিনের (১৪ থেকে ১৮ ডিসেম্বর) কর্মসূচি ঘোষণা করেন।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্তৃক সংবাদ সম্মেলন করার কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ২০২৩ সালের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: