শেখ হাসিনার রায়ের পর রাস্তায় জনগণের বিক্ষোভ দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর এ রায় দেন। এর প্রেক্ষিতেই শেখ হাসিনার রায় ঘোষণার পর রাস্তায় জনগণ নেমে বিক্ষোভ করছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি শেখ হাসিনার রায় ঘোষণার পর রাস্তায় নেমে জনগণের বিক্ষোভের নয় বরং, বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নির্বাচনী সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বিভিন্ন বয়সের মানুষ হাতে ঝাড়ু, লাঠি, জুতার মালা, বাঁশসহ নানা কিছু নিয়ে স্লোগান দিচ্ছে। ভিডিওতে শোনা যায়, মাইকে এরকম কিছু স্লোগান দেওয়া হচ্ছে- ‘আমার মাটি আমার মা, নগরকান্দা হবে না; আলগীবাসীর সংগ্রাম, চলছে চলবে; হামিরদীবাসীর সংগ্রাম, চলছে চলবে।’
উক্ত তথ্যে সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, হামিরদী ও আলগী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়ন এবং নগরকান্দা নামে বাংলাদেশের ফরিদপুর জেলায় একটি উপজেলা রয়েছে।
উল্লিখিত তথ্যাবলীর সূত্র ধরে ‘Biplob Biplob’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৫ সেপ্টেম্বর প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে দাবি করা হয়, ‘আজকে আন্দোলনের ভিডিও চিত্র’। তবে, পোস্টে এটি কোথাকার এবং কোন আন্দোলনের দৃশ্য তা স্পষ্টভাবে বলা হয়নি।
উক্ত ভিডিওটি সম্প্রতি ভিন্ন প্রেক্ষিতে প্রচার করা হলে তখন পোস্টকারীর সাথে যোগাযোগ করেছিল রিউমর স্ক্যানার টিম। তখন পোস্টকারী বিপ্লব ভিডিওটি সম্পর্কে নিশ্চিত করেন যে এটি বাংলাদেশের ফরিদপুরের দুটি সংসদীয় আসন, ফরিদপুর-৪ ও ফরিদপুর-২ এর পুনর্বিন্যাসের সিদ্ধান্তে স্থানীয়দের প্রতিবাদের চিত্র। উক্ত বিক্ষোভ মিছিলের স্থান সম্পর্কে তিনি জানিয়েছিলেন, এটি ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকা-গোপালগঞ্জ অংশে হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ হাইস্কুলের সামনে দিয়ে ভাঙ্গা উপজেলার দিকে যাওয়ার রাস্তায় সংঘটিত হয়।
উল্লেখ্য, ফরিদপুরের দুটি সংসদীয় আসন, ফরিদপুর-৪ ও ফরিদপুর-২ এর পুনর্বিন্যাসের সিদ্ধান্তে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে।
সুতরাং, শেখ হাসিনার রায়ের পর রাস্তায় জনগণের বিক্ষোভের দৃশ্য দাবিতে ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের সিন্ধান্তের প্রতিবাদের স্থানীয়দের বিক্ষোভের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Biplob Biplob – Facebook Post
- Statement of Mr. Biplob
- Google Map – Location

