ইসরায়েলের দিকে ইরানের সাম্প্রতিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে ইসরায়েলের দিকে ইরানের হাইপারসনিক মিসাইল ছোঁড়ার দৃশ্য এটি।

উক্ত দাবিতে গণমাধ্যমের ভিডিও দেখুন চ্যানেল ওয়ান (ফেসবুক), ইত্তেফাক (ফেসবুক), মানবজমিন (ফেসবুক), দ্য নিউজ (ফেসবুক), দৈনিক সকাল (ফেসবুক), সোনালী নিউজ (ইউটিউব), বিডি২৪রিপোর্ট (ফেসবুক)।

একই দাবিতে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট দেখুন এখানে, যা দেখা হয়েছে প্রায় ২২ লক্ষাধিক বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইসরায়েলের দিকে ইরানের সাম্প্রতিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কোনো ঘটনার নয় বরং, আলোচিত ভিডিও দুইটি যথাক্রমে ১৯ ও ০২ ফেব্রুয়ারি থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে দুইটি আলাদা ক্লিপ জোড়া লাগিয়ে প্রচার করা হচ্ছে। ক্লিপ দু’টি পৃথকভাবে যাচাই করে দেখেছে রিউমর স্ক্যানার।
প্রথম ফুটেজ যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে টিকটকে The X Files নামের একটি অ্যাকাউন্টে গত ১৯ ফেব্রুয়ারিতে প্রকাশিত একই ভিডিওর খোঁজ পাওয়া যায়। সাম্প্রতিক দাবিতে প্রচারিত ভিডিওতে যে অডিও শোনা যায়, তা এই ভিডিওতেও পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।

দ্বিতীয় ফুটেজ যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে টিকটকে Archive Available নামের একটি অ্যাকাউন্টে গত ০৭ ফেব্রুয়ারিতে প্রকাশিত একই ভিডিওর খোঁজ পাওয়া যায়। এই ভিডিওর ক্যাপশনেও আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।

অর্থাৎ, ভিডিও দুইটি সাম্প্রতিক সংঘাত সংশ্লিষ্ট নয়।
এ সংক্রান্ত অ্যাকাউন্ট দুইটি বিশ্লেষণ করে প্রায় একই ধরণের আরো কিছু ভিডিও পাওয়া যাচ্ছে।
আলোচিত ভিডিও দু’টির ক্যাপশনে ভিডিওগুলোর প্রেক্ষাপট উল্লেখ না থাকায় এগুলো ঠিক কবের এবং কোন ঘটনার ভিডিও সে সম্পর্কে জানা যায়নি।
কিওয়ার্ড সার্চেও কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এই ভিডিও দুইটির বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিডিওগুলো এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী বিভিন্ন টুলের মাধ্যমে পরীক্ষা করে ভিডিও দুইটি এআই দিয়ে তৈরির কিছুটা সম্ভাবনা থাকার কথা জানা যাচ্ছে। তবে সম্ভাব্য সূত্রপাতের ভিডিওতে এ সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি।
সুতরাং, ইসরায়েলের দিকে ইরানের সাম্প্রতিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Archive Available: Tiktok Video
- The X Files: Tiktok Video

