ভারী বৃষ্টিপাতে যাত্রাবাড়ীর কাঁচা বাজারের সবজি ভেসে যাওয়ার দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গভীর নিম্নচাপের প্রভাবে গত বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকাসহ আশেপাশের অঞ্চলে টানা বৃষ্টি হয়েছে। এতে ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে যাত্রাবাড়ীর কাঁচা বাজারে বৃষ্টির পানিতে বাজারের সকল সবজি ভেসে যাচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

একই দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

একই দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারী বৃষ্টির কারণে যাত্রাবাড়ীর কাঁচা বাজারের সবজি ভেসে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০১৯ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান রয়েছে। যেটিকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Md Abul Bashar নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০১৯ সালের ১২ জুলাই প্রচারিত একই ভিডিওর একটি বর্ধিত ও স্পষ্ট সংস্করণ খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনায় প্রতীয়মান হয়, উক্ত ব্যক্তিই ভিডিওটির সম্ভাব্য প্রথম পোস্টকারী। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উক্ত ভিডিওর পূর্বের কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনলাইনভিত্তিক গণমাধ্যম সোনালি নিউজ-এর ফেসবুক পেজে ২০১৯ সালের ১২ জুলাই বিকেলে প্রচারিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শিরোনামেও দাবি করা হয়, ভিডিওটি সেদিন প্রচন্ড বৃষ্টির ফলে তৈরি হওয়া স্রোতে যাত্রাবাড়ীর আড়তের সবজি ভেসে যাওয়ার দৃশ্য।

সুতরাং, ভারী বৃষ্টিপাতে যাত্রাবাড়ীর কাঁচা বাজার আড়তের সবজি ভেসে যাওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • Md Abul Bashar Facebook Account Post
  • Sonali News Facebook Page Post
Share: