নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকদের বিরুদ্ধে সেনা অভিযান দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের বিরুদ্ধে মন্তব্য এবং মিছিল করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চালানো হয়েছে দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে লাঠি হাতে কয়েকজন সেনা সদস্যকে একদল লোককে ধাওয়া করতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে।
একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত পোস্ট দেখুন: ইন্সটাগ্রাম, ইউটিউব।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত ১২ ফেব্রুয়ারির একটি পুরোনো ভিডিও ব্যবহার করে এই দাবি প্রচার করা হচ্ছে।
ভিডিওটি নিয়ে অনুসন্ধানে গত ১২ ফেব্রুয়ারি রাত ৮টা ৩১ মিনিটে ‘Arfat Uddin’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে উল্লেখ রয়েছে, এটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলা এলাকার সে সময়কার দৃশ্য।

একই দিন রাতে ‘Anowara TV’ নামের একটি ফেসবুক পেজ থেকেও ভিডিওটি পোস্ট করা হয়।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সে সময় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন ছিল। প্রচারিত ভিডিওটি নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালের কোনো দৃশ্য বলে প্রতীয়মান হয়।
এছাড়া সাম্প্রতিক সময়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের কোনো তথ্য বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। এমন ঘটনা ঘটলে তা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিত।সুতরাং, ১২ ফেব্রুয়ারির চট্টগ্রামের একটি পুরোনো ভিডিও ব্যবহার করে নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Arfat Uddin: Facebook Post
- Anowara Tv: Facebook Post

