শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের জামায়াত-শিবির ও এনসিপির ইটপাটকেল নিক্ষেপের দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের জামায়াত শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা ইটপাটকেল দিয়ে দৌঁড়াচ্ছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের ওপর জামায়াত-শিবির বা এনসিপির নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে; ভিডিওটি সেই ঘটনার।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে Daily Desher Potro এর ফেসবুক পেজে গত ০৬ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশনে শাহবাগ উল্লেখ থাকলেও বিস্তারিত লেখা নেই। তবে, ভিডিওটি মাতৃভাষা দিবসের দিন থেকে অন্তত ১৫ দিন আগে পোস্ট করা হয়েছে। যা থেকে প্রতীয়মান হয় যে উক্ত ভিডিওটির সঙ্গে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

এরপর গত ৬ ফেব্রুয়ারি শাহবাগে কী ঘটেছিল, সে বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইটে “পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৬ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে– বিবিসি বাংলা, টিবিএস, আজকের পত্রিকা সহ মূলধারার গণমাধ্যমগুলো।

সুতরাং, ভিন্ন ঘটনার একটি ভিডিওকে মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের ওপর জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: