ইরানের সেনাবাহিনীতে কর্মরত পুত্রকে পিতার বিদায়ের ভিডিও দাবিতে সিরিয়ার পুরোনো ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সম্প্রতি একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘ইরানের সেনাবাহিনীতে কর্মরত পুত্রকে বিদায় জানিয়ে দোয়া করেন পিতা।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল ফেসবুক পোস্টটি এককভাবে ১৮ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ১ লক্ষ ১৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইরানের সেনাবাহিনীতে কর্মরত পুত্রকে পিতার বিদায়ের কোনো ঘটনার দৃশ্যের নয়৷ প্রকৃতপক্ষে ভিডিওটি গত বছরের ডিসেম্বরে সিরিয়ার হামায় সামরিক কুচকাওয়াজের সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্যকে এক বৃদ্ধ ব্যক্তির আলিঙ্গন করার ঘটনার দৃশ্যের।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সিরিয়ান আরব নিউজ এজেন্সি (SANA)’ এর ইউটিউব চ্যানেলে গত বছরের ৯ ডিসেম্বরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। উল্লেখ্য, ‘সিরিয়ান আরব নিউজ এজেন্সি’তে প্রচারিত ভিডিও এবং আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও একে অপরের প্রতিবিম্ব বা মিরর সংস্করণ এবং SANA এর ভিডিওটি খানিকটা দীর্ঘায়িত।

এ বিষয়ে ইউটিউব ভিডিওতে বলা হয়, ‘হামায় আনন্দের অশ্রু: এক বৃদ্ধ ব্যক্তি সামরিক কুচকাওয়াজের সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্যদের আলিঙ্গন করছেন।’ (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত) প্রসঙ্গত, উপরোল্লিখিত ‘হামা’ সিরিয়ার একটি শহর।
এছাড়াও, অনুসন্ধানে গত ৮ ডিসেম্বরে ‘সিরিয়ান আরব নিউজ এজেন্সি’র ফেসবুক পেজেও আলোচিত ভিডিওটি প্রচার হতে দেখা যায়। পাশাপাশি আরো একাধিক বিদেশি গণমাধ্যমে গতবছরের ৮-৯ ডিসেম্বরে ভিডিওটি সিরিয়ার দাবিতে প্রচার হতে দেখা যায়।
অর্থাৎ, উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি চলমান সংঘাতে ইরানের সেনাবাহিনীতে কর্মরত পুত্রকে পিতার বিদায়ের কোনো ঘটনার দৃশ্যের নয়৷
সুতরাং, চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইরানের সেনাবাহিনীতে কর্মরত পুত্রকে পিতার বিদায়ের ভিডিও দাবিতে ভিন্ন ঘটনার সিরিয়ার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Syrian Arab News Agency (SANA) – دموع الفرح في حماة رجل مسن يحتضن عناصر وزارة الدفاع خلال العرض العسكري
- Syrian Arab News Agency (SANA) – Facebook Post
- العربي الجديد – Facebook Post
- Rumor Scanner’s analysis

