রাজশাহীতে নির্বাচন বাতিলের দাবিতে আ.লীগ-পুলিশের ত্রিমুখী সংঘর্ষ দাবিতে পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি মিছিল ও সংঘর্ষের একটি ভিডিও কথিত সংবাদ প্রতিবেদন আকারে প্রচার করে দাবি করা হয়েছে, ‘রাজশাহীতে নির্বাচন বাতিলের দাবিতে আ.লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ!’

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে রাজশাহীতে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের দৃশ্যের নয় বরং, ২০২১ সালের মার্চে নওগাঁয় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত মিছিল ও সংঘর্ষের ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘R News tv’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ৩০ মার্চে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের তুলনা করলে মিল পাওয়া যায়। এ বিষয়ে ইউটিউব ভিডিওর বর্ণনা অংশে বলা হয়, ‘নওগাঁয় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের কেডির মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।”

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে ২০২১ সালের ৩০ মার্চে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘নওগাঁয় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। ২০২১ সালের ৩০ মার্চ দুপুর ১২টার দিকে শহরের কেডির মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের সঙ্গে সংঘর্ষে হেফাজত কর্মী নিহতের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।’

সুতরাং, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে রাজশাহীতে বাংলাদেশ আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের দৃশ্য দাবিতে পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: