আ.লীগের লকডাউন কর্মসূচির সমর্থনে গুলিস্তানে মিছিল দাবিতে ২০২১ সালের নেত্রকোনার ভিডিও প্রচার

আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এরই প্রেক্ষিতে “রাজধানীর গুলিস্তানে মুজিব সৈনিকরা রাস্তায় নেমে গেছে” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালে নেত্রকোনা জেলা ছাত্রলীগের একটি মিছিলের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে ‘Apurbo Apu’ শীর্ষক নামের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। উক্ত নামের সূত্র ধরে ‘Apurbo Apu’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে ২০২১ সালের ২৩ আগস্ট একই ভিডিও প্রচার হতে দেখা যায়।

২৭ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির ক্যাপশনে এটিকে নেত্রকোনা জেলা ছাত্রলীগের মিছিলের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি, ‘Tazim Khan Jony’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২১ সালের ২১ আগস্ট প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। একই ভিডিও সংযুক্ত উক্ত পোস্টটি থেকে জানা যায়, আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ২০২১ সালের ২১ আগস্ট নেত্রকোনা জেলা ছাত্রলীগ মোমবাতি প্রজ্জ্বলন, বিক্ষোভ মিছিল ও খুনিদের ফাঁসির দাবিতে কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করে। এটি সেই ঘটনারই ভিডিও।
অর্থাৎ এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে, ভিডিওটি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি সমর্থনে কোনো মিছিলের নয়।
সুতরাং, ২০২১ সালে নেত্রকোনা জেলা ছাত্রলীগের একটি মিছিলের ভিডিওকে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রেক্ষাপটে গুলিস্তানে মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Apurbo Apu: Tiktok Video
- Tazim Khan Jony: Facebook Post
- Rumor Scanner’s Analysis

