‘গণভোট বলে কিছু নাই’ শীর্ষক আমীর খসরুর বক্তব্যের পুরোনো ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার

সম্প্রতি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি ভিডিও অনলাইনে প্রচার করা হয়েছে যেখানে আমীর খসরুকে বলতে শোনা যায়, ‘কিসের গণভোট? গণভোট বলে কিছু নাই। গণভোট বলে কোনো আলোচনার বিষয় নাই। এটা ওখানেও কোনো অ্যাজেন্ডা ছিল না, এখন গণভোটের কোনো অ্যাজেন্ডা নাই। এরপরে নতুনভাবে ঐকমত্য হওয়ার কিছু নাই। যেটা ঐকমত্য হওয়ার অতটুকু হয়েছে, চ্যাপ্টার ওখানেই ক্লোজড।’ ভিডিওটির তারিখ উল্লেখ না করে আমীর খসরুর সাম্প্রতিক সময়ের বক্তব্যের ভিডিও দাবিতে এটি প্রচার করা হচ্ছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘গণভোট বলে কিছু নাই’ শীর্ষক অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে গত বছরের ৩ নভেম্বরে আমীর খসরুর বলা বক্তব্যের ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘ইত্তেফাক’ এর ইউটিউব চ্যানেলে ‘কিসের গণভোট, গণভোট বলে কিছু নেই: আমির খসরু’ শিরোনামে গত বছরের ৪ নভেম্বরে প্রচারিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের শুরুতে আমীর খসরুর বলা ‘কিসের গণভোট? গণভোট বলে কিছু নাই’ বক্তব্যের একটি ফুটেজের সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

এ বিষয়ে প্রতিবেদনে বলা হয়, “..গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই বলে স্পষ্ট জানিয়ে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যেটা ছিল, সেটা যদি নির্বাচনের দিন হয়, সেটার ওপর ঐকমত্য হয়েছে। এরপর আর নতুন করে ঐকমত্যের কিছু নেই।… গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য স্পষ্ট করে বলেন, এটি ঐকমতীয় কোনো অ্যাজেন্ডা ছিল না, এখনো কোনো অ্যাজেন্ডা নেই। যেটুকু ঐকমত্য হওয়ার ছিল, সেটুকু হয়েছে। চ্যাপ্টার এখানেই শেষ হয়েছে। ৩ নভেম্বর গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।’ সেসময় গণভোট প্রসঙ্গে দলগুলোকে আলোচনায় বসে ঐকমত্য সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় দেয় অন্তর্বর্তী সরকার।
এছাড়াও, সংবাদমাধ্যম ‘এনপিবি নিউজ’ এর ফেসবুক পেজে গত বছরের ৩ নভেম্বরে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায় যাতে আমীর খসরুর আলোচিত বক্তব্যের ভিডিও পাওয়া যায়।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন গত বছরের।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সাম্প্রতিক সময়ে আমীর খসরুকে এরূপ কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
সুতরাং, ‘গণভোট বলে কিছু নাই’ শীর্ষক আমীর খসরু মাহমুদ চৌধুরীর গত বছরের ৩ নভেম্বরের বক্তব্যের ভিডিও সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Daily Ittefaq – কিসের গণভোট, গণভোট বলে কিছু নেই: আমির খসরু
- NPB News – Facebook Post

