চলমান ইরান-ইসরায়েল সংঘাতে দুবাইয়ে হামলা হওয়ার দৃশ্য দাবিতে পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার জবাবে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় যার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির মতো শহর। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আক্রান্ত দুবাই’।

অর্থাৎ, দাবি করা হয়েছে, প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতে দুবাইয়ে হামলা হওয়ার দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতে দুবাইয়ে হামলার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি গতবছরের জুনে ইরান-ইসরায়েলের মধ্যে হওয়া সেসময়ের সংঘাতে ইসরায়েলের তেল আবিবে ইরানের হামলার দৃশ্যের।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘Vote In Or Out’ নামক একটি ফেসবুক পেজে ২০২৫ সালের ১৪ জুনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর তুলনা করলে হুবহু মিল পাওয়া যায়।

ঘটনার বিষয়ে ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘প্রতিবেদনগুলো নিশ্চিত করছে যে, ২০২৫ সালের ১৩ জুন ইরান ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’ কোডনেমে একটি বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ হামলার প্রতিশোধ হিসেবে তারা প্রায় ১৫০টি ব্যালিস্টিক মিসাইল এবং ১০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। সন্ধ্যায় তেল আবিব সরাসরি হামলার মুখে পড়ে—যদিও ইসরায়েলের আয়রন ডোম অনেকগুলো ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে, তবে বেশ কিছু ক্ষেপণাস্ত্র সেগুলো ভেদ করে আঘাত হানে।…’ (অনূদিত)

একই প্ল্যাটফর্মের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও সেসময় ভিডিওটি প্রচার হতে দেখা যায়।

এছাড়াও, অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৫ সালের ১৪ জুনে ৪টি ছবির সংযুক্তিসহ একটি পোস্ট প্রচার হতে দেখা যায়। সংযুক্ত তৃতীয় ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। এ বিষয়ে পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘ইরানি রকেটের একটি বিশাল বহর ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে তেল আবিবে আঘাত হেনেছে। বিস্ফোরণ, সাইরেনের আওয়াজ এবং আঞ্চলিক যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কায় চারপাশ প্রকম্পিত’। (অনূদিত)

অর্থাৎ, উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতে দুবাইয়ে হামলা হওয়ার দৃশ্যের নয়।

সুতরাং, গতবছরের জুনে ইরান-ইসরায়েলের মধ্যে হওয়া সেসময়ের সংঘাতে ইসরায়েলের তেল আবিবে ইরানের হামলার দৃশ্যকে চলমান ইরান-ইসরায়েল সংঘাতে দুবাইয়ে হামলার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: