ইরানি মসজিদে ইফতারের সময় হামলার দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি মসজিদে বোমা হামলার ভিডিও প্রচার করে টাইটেল হিসেবে লেখা হয়েছে, ‘ইরানে ০১-০৩-২০২৬ ইফতারের সময় ইসরায়েল মসজিদ টার্গেট করে বোমা নিক্ষেপ করে মসজিদ মহুত্যেই ধ্বংস করে মসজিদের ভিতরে ৪৫ জন নিহিত’।

অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইফতারের সময় ইরানি মসজিদে ইসরায়েলের বোমা হামলার দৃশ্যের।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত টিকটক পোস্টটি ৭০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ৪ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইফতারের সময় ইরানি মসজিদে ইসরায়েলের বোমা হামলার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি অন্তত ১০ বছর পুরোনো এবং অন্তত ২০১৬ সাল থেকেই অনলাইনে বিদ্যমান আছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘Abadi Armiza’ নামক একটি ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ২০ জানুয়ারিতে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। এ বিষয়ে ভিডিওর বর্ণনা অংশে দাবি করা হয়, ‘ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) গাজায় অত্যন্ত উৎসাহের সাথে মসজিদে বোমা হামলা করছে।’ (অনূদিত)

এছাড়াও, অনুসন্ধানে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র বিশেষায়িত ফরেনসিক ও ফ্যাক্ট-চেকিং ইউনিট ‘বিবিসি ভেরিফাই’-এর জ্যেষ্ঠ সাংবাদিক ‘শায়ান সরদারিজাদেহ’ এর এক্স অ্যাকাউন্টে ২০২৩ সালের ২১ নভেম্বরে আলোচিত ভিডিওটির বিষয়ে একটি পোস্ট পাওয়া। এক্স পোস্টে উপরোক্ত একই ইউটিউব ভিডিওর ভিত্তিতে শায়ান সরদারিজাদেহ লিখেন, ভিডিওটি অন্তত ৭ বছর পুরোনো। (২০২৩ সালের প্রেক্ষিতে)

এছাড়াও, অনুসন্ধানে ভারতীয় ফ্যাক্টচেকিং সংস্থা ‘দ্যা কুইন্ট’ ও ‘নিউজচেকার’ এর ওয়েবসাইটেও ২০২৩ সালে আলোচিত ভিডিওর বিষয়ে ফ্যাক্টচেকিং প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায় যাতে বলা হয় ভিডিওটি অন্তত ২০১৬ সাল থেকেই অনলাইনে বিদ্যমান আছে।

তবে, আলোচিত ভিডিওটি ঠিক কবেকার ও কোন প্রেক্ষাপটের এ বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও ভিডিওটি যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের নয় এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

সুতরাং, চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইফতারের সময় ইরানি মসজিদে ইসরায়েলের বোমা হামলার দৃশ্য দাবিতে অন্তত ১০ বছর পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: