কুমিল্লায় রাজনৈতিক কারণে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগের দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকাণ্ডের একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় বাড়িঘরে অ/গ্নি/সংযোগের ঘটনা ঘটছে || কুমিল্লা-দেবিদ্বার-উনঝুটি’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এছাড়াও, একই জায়গার অগ্নিকাণ্ডের আরেকটি ভিডিও প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘কুমিল্লা দেবিদ্বারে এমসিবি ও শিবিরের নেতৃত্বে বিএনপি নেতার বাড়িতে আ*গু*ন’। (বানান অপরিবর্তিত)

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওগুলো রাজনৈতিক কারণ বা ভোট দেওয়াকে কেন্দ্র করে কুমিল্লায় সম্প্রতি অগ্নিসংযোগের কোনো ঘটনার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে গত বছরের ডিসেম্বরে নোয়াখালীর রসুলপুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনের ঘটনার দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ‘দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় বাড়িঘরে অ/গ্নি/সংযোগ’ শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘fajile.abir1’ ইউজারনেমের একটি টিকটক অ্যাকাউন্টে গত বছরের ১৭ ডিসেম্বরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। এ বিষয়ে ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘সর্দার বাড়িতে ঘটে যাওয়া আগুনের ঘটনা’।

পরবর্তীতে ‘কুমিল্লা দেবিদ্বারে এমসিবি ও শিবিরের নেতৃত্বে বিএনপি নেতার বাড়িতে আ*গু*ন’’ শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘fajile.abir1’ ইউজারনেমের একই টিকটক অ্যাকাউন্টে গত বছরের ১৬ ডিসেম্বরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। এ বিষয়ে ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘সরদার বাড়ির সামনে আগুন লাগল’।

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ‘আব্দুর রহমান ফারুক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত বছরের ১৬ ডিসেম্বর প্রচারিত আরেকটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি অগ্নিকাণ্ডের শিকার হওয়া উক্ত স্থানে ধারণ করা হয়েছে। ঘটনার বিষয়ে ক্যাপশনে বলা হয়, ‘১৩ নং রসুলপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সদ্দার বাড়ির দরজায় সংলগ্ন দপ্তরী বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে নোয়াখালী চৌমুহনী ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রনে..’

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত অগ্নিকাণ্ডের ঘটনার সাথে দাবিকৃত রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই এবং ভিডিওটিও ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ের।

সুতরাং, গত বছরের ডিসেম্বরে নোয়াখালীর রসুলপুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনের ঘটনার দৃশ্যকে রাজনৈতিক কারণ বা ভোট দেওয়াকে কেন্দ্র করে কুমিল্লায় সম্প্রতি অগ্নিসংযোগের ঘটনার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে: যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: