ইসরায়েল বিরোধী বিক্ষোভে লুটপাটের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার

সম্প্রতি “ইসরাইলের পণ্য রাখার নামে লুটপাট আর চাঁদাবাজি চলছে সারাদেশে” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।


উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক ইসরায়েল বিরোধী বিক্ষোভে লুটপাটের দৃশ্যের নয় বরং, এটি গত ৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খানের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটিতে ‘দৈনিক সকালের বার্তা’ এর লোগো দেখতে পাওয়া যায়। উক্ত লোগোর সূত্র ধরে টাঙ্গাইল থেকে প্রকাশিত গণমাধ্যম দৈনিক সকালের বার্তা ২৪.কম এর ইউটিউব চ্যানেলে গত ৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

ভিডিওর বিস্তারিত বর্ণনায় উল্লেখ করা হয়, ‘’ঠিক গণভবনের মতো যে যা পারছে নিয়ে যাচ্ছে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান খান ফারুকের বাড়ি থেকে।’’

ভিডিওটি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কি ওয়ার্ড সার্চ করে অনলাইন গণমাধ্যম জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি ‘টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিলেন ছাত্র-জনতা, নেতাদের বাড়িতে হামলা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে ৫টার দিকে শহরের মেইন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শতাধিক ছাত্র-জনতা মিছিল নিয়ে যান। তাঁরা এক্সকাভেটর (ভেকু) দিয়ে কার্যালয় ভবন গুঁড়িয়ে দেন। পরে কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এক্সকাভেটরসহ মিছিল নিয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহরের থানা পাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি ফজলুর রহমান খানের বাড়িতে যান। সেখানে এক্সকাভেটর দিয়ে বাড়ির কিছু অংশ ভেঙে ফেলা হয়। বাড়িতে ঢুকে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাড়ির জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটে। সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

একই বিষয়ে সেসময় দেশের একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন (, ,) প্রকাশিত হয়।

সুতরাং, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খানের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাকে সাম্প্রতিক ইসরায়েল বিরোধী বিক্ষোভে লুটপাটের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: