সম্প্রতি ইন্টারনেটে যানবাহনে হামলা ও আগুনের একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে কতিপয় ব্যক্তিকে মশাল হাতে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করতে দেখা যাচ্ছে। প্রচারিত পোস্টগুলোতে অগ্নিসংযোগকারী হিসেবে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগের নাশকতার ভিডিও দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
কুমিল্লা-৯ আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
বিভিন্ন জায়গায় এনসিপি নেতা-কর্মীদের অগ্নিসংযোগ ও ভাংচুর দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
একই ভিডিও কিছু স্থিরচিত্র যুক্ত করে কুমিল্লা-১ আসনে জামায়াতের নমিনেশন দ্বন্দ্বে গাড়ি ভাঙচুর দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি কুমিল্লায়ও ধারণকৃত নয়। বিএনপির মনোনয়নের সাথেও আলোচনা ভিডিওটির সংশ্লিষ্টতা নেই। এছাড়া, ভিডিওটির সাথে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী কিংবা এনপিপির কোনো সংযোগ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালের ২৬ নভেম্বর অবরোধের সমর্থনে সিলেটে বিএনপি নেতাকর্মী কর্তৃক যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Voice of Golapganj’ নামক একটি ফেসবুক পেজে ২০২৩ সালের ২৭ নভেম্বর ‘সিলেটে সিএনজি অটোরিকশা -এ্যাম্বুলেন্সে আ*গু*ন-ভাঙ-চু-র করলো বিএনপি…’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

উল্লেখিত, পোস্টের ক্যাপশন অনুযায়ী ঘটনাটি সিলেটের এবং এটি প্রায় ১ বছরের অধিক পূর্বের একটি ভিডিও।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে আরও অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৩ সালের ২৬ নভেম্বর “সিলেটে অবরোধের সমর্থনে মশাল মিছিল,যানবাহনে আগুন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত স্থিরচিত্রের সাথে আলোচিত ভিডিওতে থাকা দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায় এবং এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত ভিডিওর ঘটনা নিয়েই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২৩ সালের ২৬ নভেম্বর অবরোধের সমর্থনে সিলেটে মশালমিছিল করে বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি সিলেটের সুবিদবাজার মোড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও পাঠানটুলা এলাকার দিক থেকে আম্বরখানাগামী একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয়।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে কোনো যানবাহনে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনার নয়।
সুতরাং, ২০২৩ সালে ২৬ নভেম্বর অবরোধের সমর্থনে সিলেটে বিএনপি নেতা-কর্মী কর্তৃক যানবাহনে অগ্নিসংযোগের ভিডিওকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও এনসিপি কর্তৃক নাশকতার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Voice of Golapganj : সিলেটে সিএনজি অটোরিকশা -এ্যাম্বুলেন্সে আ*গু*ন-ভাঙ-চু-র করলো বিএনপি
- Prothom Alo : সিলেটে অবরোধের সমর্থনে মশালমিছিল,যানবাহনে আগুন
- Rumor Scanner’s Own Analysis


