কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে মন্দিরে আগুনের দৃশ্য দাবিতে সাতক্ষীরায় অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার

সম্প্রতি, ‘কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে মন্দিরে আগুন ধরিয়ে দিচ্ছে তৌহিদী জনতা’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে তৌহিদী জনতা কর্তৃক মন্দিরে আগুন দেওয়ার ঘটনার নয়। কুষ্টিয়ায় সাম্প্রতিক সময়ে এমন কোনো ঘটনার তথ্যও মেলেনি। প্রকৃতপক্ষে, ভিডিওটি গত ১৯ অক্টোবর বিকেলে সাতক্ষীরা সদরের আলীপুর বাদামতলা বাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের। ওই ঘটনায় অন্তত তিনটি দোকান পুড়ে যায়। সাতক্ষীরা সাতক্ষীরায় দোকান পুড়ার সেই পুরোনো ভিডিওকেই কুষ্টিয়ায় মন্দিরে আগুন দেওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে।
শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে যমুনা টিভির লোগো দেখা যায়। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ১৯ অক্টোবর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

যমুনা টিভি কর্তৃক প্রকাশিত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, সাতক্ষীরার আলীপুর বাদামতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই ঘটনার দৃশ্য এটি।
এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৩টা দিকে সাতক্ষীরা সদরের আলীপুর বাদামতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে অন্তত তিনটি দোকান পুড়ে গিয়েছিল।
সময় টিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পুড়ে যাওয়া তিনটি দোকানের নাম হলো– আলমগীর হোসেনের আথি এন্টারপ্রাইজ, জাকির হোসেনের আছিয়া এন্টারপ্রাইজ ও আনিছুর রহমানের আনিছুর মটরস্। এসব দোকানে ছিল সার, কীটনাশক, অ্যালুমিনিয়াম ও মটরের জিনিসপত্র।
এরপর বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য সাতক্ষীরা ফায়ার সার্ভিসে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নূরুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দোকানে। প্রাথমিকভাবে বলা যায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে, সেখানে কোনো মন্দির নেই। যে দাবিটি করা হচ্ছে সেটি মিথ্যা।’
অন্যদিকে, সাতক্ষীরা সদরের আলীপুর বাদামতলা বাজার থেকে কুষ্টিয়া জিরো পয়েন্টের দূরত্ব অন্তত ১৫০ কিলোমিটার।
সুতরাং, সাতক্ষীরায় দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাকে সম্প্রতি কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে মন্দিরে আগুন দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna Television- সাতক্ষীরার আলীপুর বাদামতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- Jamuna Television- সাতক্ষীরার আলীপুর বাদামতলা বাজারে অগ্নিকাণ্ড
- Somoy Tv- সাতক্ষীরায় পুড়ে ছাই ৩ দোকান
- Satkhira Fire Service, Warehouse Inspector, Nurul Islam- Statement
- Google Location

