সম্প্রতি, ‘ব্রেকিং নিউজ রাজপথে আওয়ামী লীগের কর্মীরা’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
এই প্রতিবেদন প্রকাশ অবধি আলোচিত ভিডিওটি প্রায় ২ লক্ষ ৬৭ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত সংবাদের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি আওয়ামী লীগের কোনো কর্মসূচির ভিডিও নয়। প্রকৃতপক্ষে, এটি বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। ভিডিওটি সেই ঘটনারই একটি সংবাদ প্রতিবেদনের।
এ বিষয়ে অনুসন্ধানে বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৯ মে ‘ঢাকাবাসীর নগরভবন ব্লকেড কর্মসূচি’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৫ সালের ১৯ মে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চার দিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর সেদিন নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করে তার সমর্থকরা।
অর্থাৎ, প্রচারিত সংবাদ প্রতিবেদনের ভিডিওটি ২০২৫ সালের এবং এর সাথে আওয়ামী লীগের কর্মসূচির কোনো সম্পৃক্ততা নেই।
সুতরাং, ২০২৫ সালে ইশরাক হোসেনকে মেয়র পদ বুঝিয়ে দেওয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের নগর ভবন ব্লকেড কর্মসূচির ঘটনা সংক্রান্ত সংবাদ প্রতিবেদনের ভিডিওকে সাম্প্রতিক সময়ে রাজপথে আওয়ামী লীগের অবস্থানের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
Bangla Vision- ঢাকাবাসীর নগরভবন ব্লকেড কর্মসূচি
Bangla Tribune- নগর ভবন ব্লকেড, স্থবির সেবা কার্যক্রম


