২০২১ সালের ভিডিওকে আ. লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে প্রচার 

সম্প্রতি “রাজ পথে নেমে গেছে জয় বাংলার কর্মিরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা” শিরোনামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে সাম্প্রতিক মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালে নারায়ণগঞ্জে আজ‌মেরী ওসমা‌নের আহ্বা‌নে একটি র‌্যালির ভিডিওকে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণে, মিছিলে থাকা ব্যানারে নারায়ণগঞ্জের শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের নাম দেখতে পাওয়া যায়।

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ‘Raashid Chowdhury’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২১ সালের ২৬ মার্চ তারিখে আলোচিত র‍্যালি প্রসঙ্গে প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ২০২১ সালে মু‌জিব শতবর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপল‌ক্ষ্যে নারায়ণগঞ্জে আজ‌মেরী ওসমা‌নের আহ্বা‌নে একটি বর্ণাঢ্য র‌্যালির চিত্র।

এছাড়া, ‘City News BD’ নামক আরেকটি ইউটিউব চ্যানেলে একই তারিখে অর্থাৎ ২০২১ সালের ২৬ মার্চে আলোচিত র‍্যালির ভিন্ন কোণ থেকে ধারণকৃত আরেকটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে থাকা মানুষজন এবং পারিপার্শ্বিক অবস্থার মিল রয়েছে।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, ২০২১ সালে নারায়ণগঞ্জে আজ‌মেরী ওসমা‌নের আহ্বা‌নে একটি র‌্যালির ভিডিওকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় নেমেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

Share: