ইরানে মিসাইলের নিচে ফুটবল খেলার দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, এতে সন্ধ্যায় ইরানের একটি গ্রামের মাঠে শিশুদের ফুটবল খেলার সময় আকাশ দিয়ে ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দেখা যাচ্ছে। ক্যাপশনে বলা হয়েছে, যুদ্ধের ভয়াবহতার মধ্যেও তারা নির্ভয়ে খেলছে, কারণ এমন বাস্তবতায় তারা অভ্যস্ত।

অর্থাৎ, ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের সময় ফুটবল খেলার মাঝে ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার দৃশ্য বলে দাবি করা হচ্ছে।

এরূপ দাবিতে ফেসবুকে  প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ইরানের কোনো গ্রামের ফুটবল মাঠের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০১৮ সালের সৌদি আরবের একটি পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ২০১৮ সালের ২ আগস্ট ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। ভিডিওটির শিরোনামে বলা হয়েছে, জাজানের বাসিন্দারা ক্ষেপণাস্ত্রের দৃশ্যের মাঝেও স্বাভাবিক জীবনযাপন করছেন।

একই দিনে সৌদি আরবভিত্তিক গণমাধ্যম Saudi Arabia News-এর এক্স অ্যাকাউন্টেও আলোচিত ভিডিওটি সংযুক্ত করে একটি পোস্ট পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, এটি সৌদি আরবের সামতাহর দৃশ্য।

এছাড়া, সেদিন প্রকাশিত সৌদি আরবভিত্তিক অনলাইন পোর্টাল Almowaten-এর এক প্রতিবেদনে জানানো হয়, ভিডিওটি সে সময় সৌদি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। প্রতিবেদনে বলা হয়, জাজান অঞ্চলের সামতাহতে সন্ধ্যার একটি ফুটবল আয়োজন চলাকালে আকাশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য এতে দেখা যায়। দাবি করা হয়, এটি হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা প্রক্ষেপণাস্ত্র প্রতিহত করার অংশ। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের দৃশ্য তাদের কাছে অনেকটাই পরিচিত হয়ে উঠেছিল এবং এর মধ্যেও তারা স্বাভাবিকভাবেই দৈনন্দিন জীবনযাপন চালিয়ে যাচ্ছিলেন।

অর্থাৎ, ভিডিওটি অন্তত ৭ বছর পুরোনো এবং সৌদি আরবের।

সুতরাং, অন্তত ৭ বছর পুরোনো সৌদি আরবের একটি ভিডিওকে ইরানে মিসাইলের নিচে ফুটবল খেলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: