সাম্প্রতিক সময়ের বন্যায় মসজিদ ভেঙে পড়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের বন্যার নয় বরং, উক্ত ভিডিওটি গত বছরের সেপ্টেম্বর মাস থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর থাম্বনেইলে থাকা ছবির সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ইনডিপেনডেন্ট টিভির ভিডিওর ক্যাপশনে স্থান উল্লেখ না করলেও লেখা রয়েছে ‘মূহুর্তেই নদীতে ভেঙে পড়ল বসতবাড়ি ও প্রাথমিক বিদ্যালয়।’
এরপর আরও অনুসন্ধানে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিনের ইউটিউব চ্যানেলে গত বছরের ২১ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। তবে, এখানেও স্থান উল্লেখ করা হয়নি।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি গত বছরের অন্তত সেপ্টেম্বর মাস থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। ফলে, বলা যায়– এটি সাম্প্রতিক সময়ের বন্যার কোনো ঘটনা নয়।
সুতরাং, পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের বন্যায় মসজিদ ভাঙার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।


