সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতজুড়ে ভারী বৃষ্টিপাতের ফলে শুকনো নদীখাতগুলোতে পানি উপচে পড়েছে এবং পানির স্তর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের জন্য কঠোর শাস্তিরও ঘোষণা দিয়েছে। এমন প্রেক্ষাপটে, গত ২৭ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দুবাই শহরের সেদিনের বন্যা পরিস্থিতির দৃশ্য দাবি করে প্রচার করা হয়।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি দুবাইয়ের সাম্প্রতিক সময়ের নয়। বরং, ভিডিওটি অন্তত ২০২৪ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান।
এ বিষয়ে অনুসন্ধানে ‘M. Talha Baloch’ নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে ২০২৪ সালের ১৯ এপ্রিল প্রকাশিত একই দৃশ্যের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, “আমার দেশ দুবাইয়ের জন্য প্রার্থনা করুন।”

আরও অনুসন্ধানে ‘Time Out Dubai’ নামের একটি অনলাইন পোর্টালে ২০২৪ সালের ১৭ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, ওই সময় সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ ঝড় আঘাত হেনেছিল। প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, আবহাওয়ার অস্থিরতা শেষ হয়েছে এবং দেশটি পুনরুদ্ধার পর্যায়ে প্রবেশ করেছে। ঝড়ের কারণে অবকাঠামো ও পরিবহন ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি অন্তত ২০২৪ সাল থেকেই ইন্টারনেটে রয়েছে।
সুতরাং, দুবাইয়ের সাম্প্রতিক বন্যার দৃশ্য দাবি করে অন্তত ২০২৪ সাল থেকে ইন্টারনেটে থাকা একটি পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
M.Talha Baloch: Instagram Post
Time Out Dubai: UAE confirms the end of worst ever storm


