সাবেক সংসদ সদস্য পলক ও জয়কে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক ও তানভীর শাকিল জয়কে কারাগার থেকে মুক্তি দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক ও তানভীর শাকিল জয়কে কারাগার থেকে মুক্তি দেওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, জুনাইদ আহমেদ পলক ও তানভীর শাকিল জয়ের পুরোনো একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যমে কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে আওয়ামী লীগের এই সাবেক দুই সংসদ সদস্যকে জামিনে মুক্তি দেওয়ার তথ্য পাওয়া যায়নি। বরং অনুসন্ধানে দেখা যায়, জুনায়েদ আহমেদ পলকের মুক্তির দাবিতে ভিডিওটি গত ৯ এপ্রিল প্রচারিত হলেও গত ২৮ এপ্রিল তাকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। অর্থাৎ, সাবেক এই সংসদ সদস্যের মুক্তির দাবিটি সত্য নয়।
এছাড়াও অনুসন্ধানে গণমাধ্যমগুলোতে ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতনের পর তানভীর শাকিল জয়ের আটকেরই কোনো তথ্য পাওয়া যায়নি। বরং, ২০২৫ সালের ৫ ডিসেম্বর তাকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি লাইভ টকশোতে আলোচনা করতে দেখা যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এই সংসদ সদস্য অভ্যুত্থান পরবর্তী সময়ে গ্রেফতারই হননি। সে হিসেবে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার দাবিটি অবান্তর।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি Abdul Khalek নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়।

ভিডিওটিতে সাম্প্রতিক সময়ে প্রচারিত ভিডিওর মত মাঝে আলোচিত দাবির টেক্সটটি দেখতে পাওয়া যায়নি। মূলত, জুনাইদ আহমেদ পলক ও তানভীর শাকিল জয়ের পুরনো এই ভিডিওটিতে আলোচিত দাবি সংবলিত টেক্সটটি যুক্ত করে তাদের মুক্তির দাবিটি প্রচার করা হয়েছে।
সুতরাং, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক ও তানভীর শাকিল জয়কে কারাগার থেকে মুক্তি দেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Ittefaq Website: আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত
- Bangladesh Awami League Official Youtube Channel: প্রজন্ম থেকে প্রজন্মের আওয়ামীলীগ
- Abdul Khalek Facebook Post
- Rumor Scanner’s Analysis

