আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীদের পুলিশের গালিগালাজের দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রাখার প্রতিবাদে গত ১৪ জুলাই থেকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলন করেন এইচএসসি পরীক্ষার্থীরা।
এমন প্রেক্ষাপটে, আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের এক পুলিশ কর্মকর্তা শাসাতে গিয়ে অকথ্যভাষায় গালিগালাজ করেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার হতে দেখে রিউমর স্ক্যানার।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের নয়। প্রকৃতপক্ষে, গত মে মাসে কুমিল্লার দাউদকান্দিতে সড়ক সংস্কারের দাবিতে আয়োজিত অবরোধ কর্মসূচিতে আন্দোলনকারীদের ওই পুলিশ কর্মকর্তার গালিগালাজের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে My Chandina নামের একটি ফেসবুক পেজে গত ২৬ মে মূল ভিডিওটি পাওয়া যায়। উক্ত ভিডিওটির অংশবিশেষ কেটে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ফুটেজটি তৈরি করা হয়েছে বলে লক্ষ্য করা যায়।
ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, এটি কুমিল্লার দাউদকান্দির কোনো একটি আন্দোলনের ঘটনার।
পরবর্তীতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে Comilla Media 24 নামের কুমিল্লার স্থানীয় নিউজ প্ল্যাটফর্মের ফেসবুক পেজে দাউদকান্দির একটি মানববন্ধনের ভিডিও খুঁজে পাওয়া যায়। মানববন্ধনের ভিডিওতে আলোচিত ভিডিওতে দেখতে পাওয়া লাল শার্ট পরিহিত একই ব্যক্তিকেও দেখতে পাওয়া যায়। যাকে মূলত ওই পুলিশ কর্মকর্তা গালি দেন।

ভিডিওতে দেখতে পাওয়া ব্যানার বিশ্লেষণে বোঝা যায়, এটি সড়ক সংস্কারকাজের দীর্ঘসূত্রিতায় জনদুর্ভোগের প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের আয়োজিত একটি মানববন্ধন। তবে সংশ্লিষ্ট সংবাদের শিরোনামে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পরিবহন শ্রমিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ভিডিওটি পর্যালোচনায়ও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা যায় পরিবহন শ্রমিকদের।
পাশাপাশি এ বিষয়ে অনুসন্ধানে দৈনিক দেশ রূপান্তরেও গত ২৬ মে প্রকাশিত একটি প্রতিবেদনের সন্ধান পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ২৬ মে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর এলাকায় গৌরীপুর-পেন্নাই-মতলব–বাবুরহাট সড়ক সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। ঈদের আগে সৃষ্ট জনভোগান্তির কারণে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান।
পাশাপাশি, প্রতিবেদনটি থেকে ভিডিওতে আন্দোলনকারীদের উদ্দেশে উত্তেজিত ভাষায় কথা বলতে দেখা পুলিশ কর্মকর্তার পরিচয়ও নিশ্চিত হওয়া যায়। তিনি ছিলেন দাউদকান্দি মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী। ঘটনাস্থলে উপস্থিত অবস্থায় তিনিই আন্দোলনকারীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেন, যা ভাইরাল ভিডিওতেও দেখা যায়।
অর্থাৎ, ভিডিওটি এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের সময় ধারণ করা নয়; বরং এটি দাউদকান্দির সড়ক সংস্কারের দাবিতে আয়োজিত অবরোধ কর্মসূচির ভিডিও।
সুতরাং, আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের পুলিশ কর্মকর্তার গালিগালাজ করার দৃশ্য দাবিতে দাউদকান্দির সড়ক অবরোধে ধারণ করা পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- My Chandina Facebook Post
- Comilla Media 24 Facebook Post
- Desh Rupantor: সড়ক সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ

